Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ঘিওরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

ঘিওরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী সজীব মিয়া (৩০)। আহত অবস্থায় তিনি পুলিশের হেফাজতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে সজীব তার স্ত্রী উর্মিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের সামনেই নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন সজীব। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, সজীবের জুয়ায় আসক্তি এবং তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সজীব একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram