অনলাইন ডেস্ক: বল থ্রো-ইনের সময় কলাম্বাস ক্রুর খেলোয়াড় গনজালো তাপিয়ার মুখে দুইবার বল দিয়ে আঘাত করেন লিওনেল মেসি। সহিংস আচরণ করলেও ইন্টার মায়ামির অধিনায়ককে শুধু হলুদ কার্ড দেখানো হয়। মেসির ছোড়া বলে আঘাত পাওয়া তাপিয়াকেও হলুদ কার্ড দেখানো হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তাপিয়াও।
প্রথমার্ধের ইনজুরি সময়ে বল মাঠের বাইরে গেলে থ্রো-ইন নিতে বল হাতে নেন মেসি। তাপিয়া তাঁর সামনে দাঁড়িয়ে থ্রো-ইন নিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন মেসি প্রথমে হালকা করে বল দিয়ে তাপিয়ার মুখে টোকা দেন। তাপিয়া হাত তুলে বাধা দেওয়ার পর কিছুটা পেছনে গেলে মেসি তাঁর মুখের দিকে বল ছুড়ে মারেন।
কিছুক্ষণ পর রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। ভুক্তভোগী হয়েও তাপিয়াকে কার্ড দেখানো এবং মেসিকে লাল কার্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। কেউ কেউ বলেছেন, মেসির বদলে অন্য কোনো খেলোয়াড় একই কাজ করলে তাঁকে সরাসরি মাঠ থেকে বের করে দেওয়া হতো।
তাপিয়াও মেসিকে অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিশ্বকাপেও মেসিকে প্রতিপক্ষের তুলনায় বেশি সুবিধা দেওয়া হয়েছিল। তাপিয়া বলেন, ঘটনার সময় মেসি ক্ষুব্ধ ছিলেন, কারণ কলাম্বাসের সমর্থকেরা ‘রোনালদো তোমার চেয়ে ভালো’ বলে স্লোগান দিচ্ছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি উল্টো হলে এবং তিনি মেসিকে আক্রমণ করলে তাঁকে নিশ্চিতভাবেই মাঠ থেকে বের করে দেওয়া হতো। ফুটবলে সবার জন্য সমান নিয়ম থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় থ্রো-ইন নেওয়ার সময় প্রতিপক্ষের খেলোয়াড় দুই মিটারের কম দূরত্বে দাঁড়িয়ে খেলা পুনরায় শুরুতে বাধা দিলে উভয় খেলোয়াড়ই শাস্তি পেতে পারেন। বাধাদানকারী খেলোয়াড়কে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য হলুদ কার্ড দেখানো হয়। থ্রোয়ার ইচ্ছাকৃতভাবে বল ছুড়ে মারলে, তা বেপরোয়া হলে হলুদ কার্ড এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে সহিংস আচরণের জন্য লাল কার্ড দেখানোর বিধান রয়েছে।
এই ঘটনায় মেসিকে বেপরোয়া আচরণের জন্য হলুদ কার্ড এবং থ্রো-ইনে বাধা দেওয়ার কারণে তাপিয়াকে কার্ড দেখানো হয়েছে বলে নিয়মের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে।
মেসি লাল কার্ড পেলে ইন্টার মায়ামি বড় সমস্যায় পড়ত। প্লে-অফে বেস্ট অব থ্রি সিরিজের প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে হেরেছে। কলাম্বাস ক্রুর কোচ লরাঁ কোর্তোয়া অবশ্য বলেছেন, মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল। তাঁর মতে, ঘটনাটি হলুদ কার্ডের চেয়েও গুরুতর ছিল। মেজর লিগ সকারের বিষয়টি পর্যবেক্ষণ করা উচিত কি না—এ প্রশ্নে তিনি পুরো ঘটনাকে দুঃখজনক বলেছেন।

