Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্তিতে মানুষ

গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্তিতে মানুষ

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর থেকে দুই থানার সব ধরনের দাপ্তরিক সেবা বন্ধ রয়েছে। থানায় এসে প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সেবাপ্রার্থীরা। এতে অনেকে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। পুড়িয়ে দেওয়া দুই থানার পুলিশ সদস্যরা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। তবে শিগগিরই থানাগুলোর কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

গত ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে জানা গেছে।

এরপর ১৭ নভেম্বর বিকেলে উপজেলা চত্বর থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। সন্ধ্যায় গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিং করে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পুলিশ সদস্যরা পিছু হটলে থানায় ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট এবং হাজতখানা ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। তবে কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে, সে বিষয়ে পুলিশ নির্দিষ্ট তথ্য জানায়নি। থানার কয়েকটি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়।

অন্যদিকে, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানার কয়েকটি গাড়ি এবং বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) সুবীর কুমার সাহা বলেন, আগুনে পুলিশের চারটি গাড়ি ও দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন মামলায় জব্দ করা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। কয়েকটি মোটরসাইকেল লুট হয়েছে। থানার সবকিছু পুড়ে যাওয়ায় হিসাব মেলাতে সমস্যা হচ্ছে। অস্ত্রের ক্ষেত্রেও একই অবস্থা। আগুনের পর সালথা থানা থেকে পুলিশ এসে কিছু অস্ত্র উদ্ধার করেছে। তবে রেজিস্ট্রার পুড়ে যাওয়ায় সংখ্যার হিসাব মেলানো যাচ্ছে না।

তিনি বলেন, থানার পূর্ণ সেবা চালু করতে কিছুটা সময় লাগবে। তবে দ্রুত অন্তত সাধারণ ডায়েরি (জিডি) চালু করার জন্য জেলা পুলিশ কাজ করছে।

শনিবার (২১ নভেম্বর) দুই থানা ঘুরে দেখা যায়, বাইরে পুড়ে যাওয়া গাড়ি ও মোটরসাইকেল পড়ে আছে। ভেতরে ধ্বংসস্তূপের চিত্র। দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে। ওসি তদন্ত ও অপারেশন কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ এবং পুলিশ সদস্যদের ব্যারাকেও ভাঙচুর ও আগুনের চিহ্ন দেখা গেছে। নথিপত্র ও কম্পিউটারও পুড়ে গেছে।

থানায় সেবা নিতে এসে ফিরে যাওয়া ব্যক্তিদের একজন টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া এলাকার আসিয়া বেগম। তিনি জানান, তাঁর নাতি দুই দিন ধরে নিখোঁজ। নিখোঁজ ডায়েরি করতে এসে কোনো সেবা পাননি।

মুকসুদপুর থানার মোচনা ইউনিয়নের রহিজ মোল্লা জানান, প্রতিবেশীরা তাঁর জমিতে জোর করে পাকা ঘর নির্মাণ করছেন এবং বাধা দিলে হত্যার হুমকি দিচ্ছেন। আইনের আশ্রয় নিতে থানায় এসে তিনি কোনো পুলিশ সদস্যকে পাননি।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হুমায়ুন কবির বলেন, ধ্বংসস্তূপ থেকে যতটা সম্ভব সেবা চালুর চেষ্টা চলছে। অন্তত জিডি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram