অনলাইন ডেস্ক: ‘আমি রূপনগরের রাজকন্যা পূর্ণিমার চান/ নিজের হাতে আল্লায় আমায় বানাইছে রূপবান/’—সুরে সুরে কথাগুলো বলছেন গায়িকা মৌসুমী আক্তার সালমা। বাস্তবেই এমন বয়ান দিচ্ছেন, তা নয়; এটি তার নতুন গান ‘রূপকুমারী’র লাইন।
গতকাল অন্তর্জালে প্রকাশ পেয়েছে সালমার নতুন গানটি। এতে তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন পিয়াল হাসান। পিয়ালের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে।
গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর করেছেন পিয়াল হাসান ও শাহরিয়ার রাফাত। সংগীতায়োজনও করেছেন শাহরিয়ার রাফাত। গানচিত্রে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন রুহুল আমিন ও আঞ্জুমান মেহজাবিন। ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান।
গানের সূত্র ধরে সালমা জানিয়েছেন, তিনি নিজেকে বাস্তবেও রূপনগরের রাজকন্যা মনে করেন। গানটির একটি ক্লিপ শেয়ার করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘আমি তো সত্যিই রূপনগরের রাজকন্যা! নামেই নয়, নিজের স্বপ্ন, আত্মবিশ্বাস আর ভালোবাসায়ও আমি রূপনগরের রাজকন্যা।’
গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমা। সপ্তাহ খানেক আগে প্রকাশ পেয়েছে তার আরেকটি গান ‘মিছামিছি তোমায় নিয়া বানাইছিলাম ঘর’। সম্প্রতি আরও একটি গানের রেকর্ডিং করেছেন তিনি। পাশাপাশি চলছে লাইভ শো। দিন তিনেক আগে চট্টগ্রামে গান করেছেন সালমা। এই শীতেও দেশের নানা জায়গায় কনসার্টে অংশ নিতে ছুটে বেড়াবেন বলে জানিয়েছেন শিল্পী।

