Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের নিন্দা

সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের নিন্দা

অনলাইন ডেস্ক: ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২২ নভেম্বর) দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ারের দাবি, রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে কেরোসিন ঢেলে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

জামায়াতের এই নেতা ঘটনাটিকে বর্বর তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্য হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান। তাঁর বক্তব্য, অতীতেও আওয়ামী লীগ হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও ও সহিংসতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে।

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকারও সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। জাতীয়, ছাত্র ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি, স্থাপনা ও আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতা ও উদাসীনতা দেখিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে হামলা ও নাশকতার চেষ্টা প্রতিরোধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা ও বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক ও দায়িত্বশীল থাকার কথা বলেন।

বিবৃতিতে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram