Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর সনদ বাতিলের দাবি ভিএইচপির

‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর সনদ বাতিলের দাবি ভিএইচপির

অনলাইন ডেস্ক: মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলেছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। তবে ছবিটি নিয়ে সমালোচনাও থামছে না। এবার ছবির প্রদর্শন বন্ধ এবং সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছে ভারতের ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

ভিএইচপির কর্তাদের দাবি, সিনেমাটিতে রাবণকে মহিমান্বিত করা হয়েছে এবং রামায়ণের কয়েকটি ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তাদের অভিযোগ, রাবণকে দলিত, শোষিত ও বঞ্চিত মানুষের ত্রাতা হিসেবে দেখিয়ে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে।

সংগঠনটির ভাষ্য, অহল্যার উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্ব এবং কেবটের ভক্তির মতো রামায়ণের গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছবিতে বাদ দেওয়া হয়েছে।

তাদের আরও দাবি, ঋষি-মুনিদের যজ্ঞ ও আধ্যাত্মিক সাধনায় বাধা দেওয়া রাক্ষসদের বিনাশে রামের যে উদ্দেশ্য ছিল, সেটিকে সিনেমায় স্ত্রীর অপহরণের প্রতিশোধ নেওয়ার ব্যক্তিগত লড়াই হিসেবে দেখানো হয়েছে।

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে ভিএইচপি সিনেমাটির প্রদর্শন বন্ধের পাশাপাশি সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছে।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ (প্রথম পর্ব) গত ৫ নভেম্বর মুক্তি পায়। মুক্তির ১৭ দিনে, ২১ নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৬১৬ কোটি ৭০ লাখ রুপি। ভারতের বাজারে নিট আয় হয়েছে ৯০৬ কোটি ৯০ লাখ রুপি।

ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের চরিত্রে যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। সিনেমাটির দ্বিতীয় পর্ব ২০২৮ সালের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram