অনলাইন ডেস্ক: ভারতের প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর জীবনীভিত্তিক সিনেমায় অভিনয়ের কথা ছিল ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচির। ২০০৬ সালে ‘সোনিয়া’ নামের সিনেমাটিতে কাজের জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। একাধিক সাময়িকী যাকে ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী’ আখ্যা দিয়েছিল, সেই মনিকাকে নিয়ে সিনেমাটি শেষ পর্যন্ত নির্মিত হয়নি। কংগ্রেসের আইনি নোটিশের পর আটকে যায় পুরো উদ্যোগ।
লস অ্যাঞ্জেলেসভিত্তিক ভারতীয় নির্মাতা জগমোহন মুন্ধরার পরিচালনায় সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: অ্যা বায়োগ্রাফি’ অবলম্বনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিল। তবে ২০১২ সালে মনিকা জানান, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি কাজটি এগিয়ে নেননি। অন্য সময় সিনেমাটি না হওয়ার পেছনে একাধিক কারণের কথাও বলেছেন এই অভিনেত্রী।
সোনিয়া গান্ধীকে নিয়ে নতুন করে বায়োপিক নির্মাণের উদ্যোগ সামনে আসায় মনিকা বেলুচির নাম আবার আলোচনায় এসেছে। প্রায় দুই দশক আগে একইভাবে সোনিয়ার জীবনী পর্দায় তুলে ধরার পরিকল্পনা করা হয়েছিল, তবে নানা কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি প্রকাশিত সোনিয়ার স্মৃতিকথা ‘বিলংগিং’ অবলম্বনে নতুন বায়োপিক নির্মাণের পরিকল্পনা জানিয়েছেন তেলেঙ্গানা কংগ্রেস নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত। তেলুগু, হিন্দিসহ বিভিন্ন ভাষায় সিনেমাটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি হবে না বলেও জানিয়েছেন তিনি।
জগ্গা রেড্ডি জানিয়েছেন, আগামী ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিনে সিনেমা সংশ্লিষ্ট একটি অনুষ্ঠানের আয়োজন করতে চান তারা। ২০২৮ সালের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডির সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
জগ্গা রেড্ডির বক্তব্য অনুযায়ী, সিনেমায় সোনিয়ার ইতালিতে বেড়ে ওঠা, রাজীব গান্ধীর সঙ্গে পরিচয় ও বিয়ে, নেহরু-গান্ধী পরিবারের সদস্য হিসেবে জীবন, ইন্দিরা ও রাজীব গান্ধীকে হারানোর শোক এবং দুই সন্তানকে বড় করে তোলার গল্প থাকতে পারে। রাজনীতিতে যোগদান, কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করে মনমোহন সিংকে বেছে নেওয়ার ঘটনাও এতে গুরুত্ব পেতে পারে।
তবে সিনেমাটির পরিচালক, অভিনয়শিল্পী, শুটিং শুরুর সময় কিংবা সোনিয়া গান্ধীর সম্মতির বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। ফলে উদ্যোগটি আপাতত পরিকল্পনার পর্যায়েই রয়েছে।

