অনলাইন ডেস্ক: পশ্চিমাঞ্চল রেলওয়ের অধিকাংশ লেভেল ক্রসিংয়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই। গেট থাকলেও অনেক স্থানে নেই গেটম্যান। এর মধ্যে রেলওয়ের অনুমতি ছাড়াই বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা শতাধিক লেভেল ক্রসিং নির্মাণ করেছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এসব ক্রসিং পারাপার হচ্ছেন মানুষ ও যানবাহনের চালকেরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় ২ হাজার কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং রয়েছে ১ হাজার ৮০০টি। এর মধ্যে গেটম্যান আছেন ৫৭৪টিতে। রেলওয়ের হিসাবে, ১ হাজার ৩০১টি ক্রসিং বৈধ হলেও সেগুলোর ৭২৭টিতে গেটম্যান বা নিরাপত্তাকর্মী নেই।
রেলওয়ের তথ্য অনুযায়ী, গত বছর পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন ক্রসিংয়ে ৯টি দুর্ঘটনা ঘটে। চলতি বছরের প্রথম আট মাসে দুর্ঘটনা ঘটেছে ১৪টি। অনেক ক্রসিংয়ে গেট ও সতর্কসংকেত না থাকায় ট্রেন আসার শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরাই যানবাহন থামানোর দায়িত্ব পালন করেন।
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ের বিষয়ে বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রাজশাহী নগরীর বুধপাড়ার পথচারী রাজু ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের পর নতুন বুধপাড়া, বুধপাড়া গণির মোড় ও মোহনপুর রেলক্রসিংয়ে গেটম্যান নেই। এর মধ্যে বুধপাড়া গণির মোড়ের ক্রসিংটি অবৈধ হলেও অন্যগুলো বৈধ। তবে সেগুলোতেও গেট নেই বলে তিনি জানান।
রাজু ইসলামের ভাষ্য, গেট ও সতর্কসংকেত না থাকায় রেললাইন পার হওয়ার সময় সবসময় ভয় থাকে। অনেক সময় ট্রেন কখন আসছে, তা বোঝা যায় না।
জানা গেছে, সবচেয়ে বেশি অবৈধ লেভেল ক্রসিং নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশন ও বিভিন্ন পৌরসভাও ক্রসিং নির্মাণ করেছে। কোথাও কোথাও ১০০ গজের মধ্যেও একাধিক ক্রসিং রয়েছে।
রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা বলেন, জনসাধারণের চলাচলের সুবিধার্থে রেললাইন অতিক্রম করে সড়ক নির্মাণ ও উন্নয়ন করতে হয়। নিয়ম অনুযায়ী, এ ধরনের কাজের আগে রেলওয়েকে চিঠি দেওয়া হয় এবং প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৪৮৭টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। বিভিন্ন সংস্থা এসব ক্রসিং নির্মাণ করেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে এজাহারসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে। তাঁর মতে, রেলওয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হলে দুর্ঘটনার হার আরও কমানো সম্ভব হতো।
নিরাপদ সড়ক চাই, রাজশাহীর সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, গেটম্যানের পাশাপাশি লেভেল ক্রসিংয়ে আধুনিক সংকেতব্যবস্থা, লাইটিং ও ডিজিটাল প্রযুক্তি চালু করা প্রয়োজন। ট্রেন আসার সংকেত পেলে স্বয়ংক্রিয়ভাবে নেমে যাবে—এমন ব্যারিয়ার স্থাপন করা গেলে দুর্ঘটনা কমানো সম্ভব বলে তিনি মনে করেন।

