অনলাইন ডেস্ক: বলিউডের রণবীর কাপুরের চেয়ে বয়সে মাত্র চার বছরের বড় অভিনেত্রী লারা দত্ত। অথচ ‘রামায়ণ’ সিনেমায় রামের সৎমা কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের চেয়ে বয়সে সামান্য ছোট সহশিল্পীর মায়ের চরিত্রে অভিনয় করতে কোনো দ্বিধা ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী।
নিতেশ তিওয়ারি পরিচালিত ও নমিত মালহোত্রা প্রযোজিত সিনেমাটিতে ৪৮ বছর বয়সী লারা কৈকেয়ীর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি।
লারা জানান, অভিনয়শিল্পীরা এখন চরিত্র নির্বাচনের ক্ষেত্রে আগের দিনের প্রচলিত চিন্তাভাবনায় আটকে নেই। তাঁর ভাষ্য, এখন মূল লক্ষ্য চরিত্রকে পর্দায় যথাযথভাবে ফুটিয়ে তোলা। তাই রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করতে তাঁর কোনো দ্বিধা ছিল না।
কৈকেয়ী চরিত্রের প্রস্তুতি
কৈকেয়ী চরিত্রের প্রস্তুতি নিতে পরিচালক নিতেশ তিওয়ারির সঙ্গে বসে চরিত্রটির বিস্তারিত অতীত তৈরি করেছিলেন লারা। সিনেমায় দেখানো হয়নি—এমন ঘটনাগুলো নিয়েও তারা আলোচনা করেন। কৈকেয়ী কেন দুটি বর চেয়েছিলেন, রাজা দশরথ কোথায় তাকে বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর পরিচয় ও শিকড়—এসব বিষয়ও প্রস্তুতির অংশ ছিল।
লারা মনে করেন, কৈকেয়ীর মতো শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ একজন শিল্পীর ক্যারিয়ারে খুব বেশি আসে না। তাই এ ধরনের সুযোগ কাজে লাগানো উচিত। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর মতে, ঐতিহাসিক ও পরিচিত চরিত্রে অভিনয় করা যেকোনো শিল্পীর জন্যই বিশেষ সুযোগ।
‘রামায়ণ’-এ রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। সিনেমাটির প্রথম পর্ব গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে।

