Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

স্যান্ডপেপার-কাণ্ডে কামিন্সকে সমর্থন হ্যাজলউডের, অধিনায়কত্ব হারালে খেলা নিয়ে ভাববেন

স্যান্ডপেপার-কাণ্ডে কামিন্সকে সমর্থন হ্যাজলউডের, অধিনায়কত্ব হারালে খেলা নিয়ে ভাববেন

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ান ক্রিকেটে এখন দুটি পক্ষ– কারও মতে স্যান্ডপেপার ব্যবহার করার পরিকল্পনা তারা আগে থেকে জানতেন না; আরেকপক্ষ বলছেন– দলের ক্রিকেটার-কোচ সবাই আগে থেকেই বিষয়টি জানত। উসমান খাজা নিজের আত্মজীবনীতে প্রথমবার এই দাবি করলে ডেভিড ওয়ার্নারসহ তিন ক্রিকেটার তার পক্ষে মুখ খুলেছেন। বিপরীতে অবস্থান নেওয়া প্যাট কামিন্সের দলে যোগ দিলেন জশ হ্যাজলউড।

‘নিউজ কর্প’-কে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজলউড চলমান বিতর্কে কামিন্সের পাশে থাকার কথা জানিয়েছেন। খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বিতর্ক তৈরি হয়। কামিন্স ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে খাজার সমালোচনা করে তার দাবি শতভাগ মিথ্যা বলে উল্লেখ করেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পুনঃতদন্ত না করার কথা জানালেও সবার অভিজ্ঞতা শোনার জন্য একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে। স্যান্ডপেপার-কাণ্ডে অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফটও একটি লেখায় দাবি করেছেন, দলের সবাই বিষয়টি জানত।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির ফাঁকে হ্যাজলউড বলেন, গত কয়েক দিনে বিভিন্ন দিক থেকে চাপ তৈরি হলেও তিনি কামিন্সের সাম্প্রতিক বক্তব্য এবং অধিনায়ক হিসেবে গত পাঁচ-ছয় বছরের কাজকে সমর্থন করেন। তার মতে, কামিন্স দলকে এমন অবস্থানে নিয়ে গেছেন, যেখানে ভবিষ্যতে স্যান্ডপেপার-কাণ্ডের মতো ঘটনা ঘটার সুযোগ নেই।

কামিন্সকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জনের মধ্যেই হ্যাজলউড জানান, এমন পরিস্থিতি তৈরি হলে নিজের খেলা চালিয়ে যাওয়ার বিষয়টি তাকে নতুন করে ভাবতে হবে।

স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা বা মাঠে ওই বস্তু ব্যবহারের বিষয়ে নিজের কোনো সম্পৃক্ততা ও জ্ঞান ছিল না বলে দাবি করেন হ্যাজলউড। তিনি বলেন, কেপটাউনের ঘটনার এক-দুই দিনের মধ্যে নেওয়া জিজ্ঞাসাবাদে দেওয়া বক্তব্যের ওপরই তার সবচেয়ে বেশি আস্থা রয়েছে।

খাজা ও ব্যানক্রফটের ‘সবাই জানত’ দাবির সঙ্গে ‘সবাই বিষয়টি নিশ্চিতভাবে জানত’—এই দুই বক্তব্যের মধ্যে পার্থক্য আছে বলেও মন্তব্য করেন হ্যাজলউড। আম্পায়ারদের সীমানার কাছে বল রাখা বা সেখান থেকে নিয়ে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়েও তিনি অবগত ছিলেন না বলে জানান।

ব্যানক্রফটের সঙ্গে রিভার্স সুইং নিয়ে কথা হওয়াকে স্বাভাবিক ক্রিকেটীয় আলোচনা হিসেবে ব্যাখ্যা করেন হ্যাজলউড। তার দাবি, স্যান্ডপেপার বা মাঠে অন্য কোনো বস্তু ব্যবহারের কথা সেই কথোপকথনে উল্লেখ করা হয়নি। দলীয়ভাবে স্যান্ডপেপার ব্যবহার নিয়ে আগে কোনো আলোচনা হয়েছিল কি না, সে বিষয়েও তার কোনো ধারণা নেই বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram