Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

প্রেম-প্রতারণার গল্পে তিথির ‘মায়াবতী’

প্রেম-প্রতারণার গল্পে তিথির ‘মায়াবতী’

অনলাইন ডেস্ক: প্রেম, প্রতারণা, ছদ্মবেশ ও জীবনের নানা বাঁক নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াবতী’। দীন মোহাম্মদ মন্টুর রচনা ও নির্দেশনায় নির্মিত এই নাটকে অভিনয় করেছেন হোসাইন নিরব ও ইফফাত আরা তিথি।

নাটকের গল্পে মিলন তার মা ও বড় ভাই কবিরকে নিয়ে মাশিয়াতকে দেখতে যায়। প্রথম দেখাতেই মাশিয়াতকে পছন্দ হয় তার। তবে একান্তে আলাপের সময় মাশিয়াত জানায়, সে অন্য একজনকে ভালোবাসে। পরিবারের কাছে মিলনের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার অনুরোধও করে সে। মাশিয়াতের কথা রাখতে শেষ পর্যন্ত সরে আসে মিলন।

পরে চাকরির কারণে মফস্বলের একটি নির্জন বাড়িতে থাকতে শুরু করে মিলন। তার একাকিত্ব দূর করতে বড় ভাই কবির ‘শালুক’ নামের এক কাজের ছেলেকে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে মাশিয়াত জানতে পারে, তার ভালোবাসার মানুষটি অন্যত্র বিয়ে করতে যাচ্ছে। প্রেমিকের প্রতারণায় ভেঙে পড়ে সে।

একসময় মাশিয়াত বুঝতে পারে, যাকে সে ফিরিয়ে দিয়েছিল, সেই মিলনই তার সম্মান রক্ষায় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছিল। এরপর তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা নিয়েই এগিয়েছে নাটকের গল্প।

পরিচালক দীন মোহাম্মদ মন্টুর ভাষ্য অনুযায়ী, নাটকটিতে সম্পর্কের জটিলতা, প্রেম, প্রতারণা ও জীবনের অপ্রত্যাশিত ঘটনা তুলে ধরা হয়েছে। হাস্যরস ও নাটকীয়তার পাশাপাশি এতে আবেগ ও ভালোবাসার বার্তাও রয়েছে।

হোসাইন নিরব ও ইফফাত আরা তিথি ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় রাজ, পামির খান, লিজা খানম, স্বপ্না আফরোজ, আবির খান ও মারিয়া খানসহ অনেকে।

নাটকটি শনিবার, ২১ নভেম্বর রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram