অনলাইন ডেস্ক: ১১ বছর পর ২০২৭ সালে এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের আগে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব পাকিস্তান ও শ্রীলঙ্কাকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উভয় দেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় বিসিবি এই প্রস্তাব দেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি সাংবাদিকদের জানান, বাংলাদেশ পরবর্তী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে। তবে তাঁর উল্লেখ করা সময় সঠিক নয় বলে জানিয়েছেন বিসিবির মুখপাত্র।
বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশে হতে যাওয়া এশিয়া কাপকে কেন্দ্র করে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশই এতে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে উভয় বোর্ড বিষয়টি এখনও বিবেচনা করায় সিরিজের সূচি চূড়ান্ত হয়নি।
মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, এটি বিসিবির দেওয়া একটি প্রস্তাব এবং পাকিস্তান ও শ্রীলঙ্কা এখনো সিদ্ধান্ত নেয়নি। তারা সিরিজে অংশ নেবে কি না, তা পরে বিসিবিকে জানাবে।
আগামী বছরের ১৮ জুন থেকে ৪ জুলাই বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ এই টুর্নামেন্ট আয়োজন করেছিল। টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া ওই আসরে স্বাগতিক দল রানার্সআপ হয়েছিল। ২০২৭ সালের এশিয়া কাপ হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অধীনে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট।

