Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

অনলাইন ডেস্ক: জাতীয় পর্যায়ের রোবোটিকস ও অ্যারোস্পেস প্রতিযোগিতা ‘ন্যাশনাল অ্যারো জিনিয়াস কম্পিটিশন ২০২৬’-এর স্পেস রোবোটিকস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) মার্স রোভার দল।

১৯ নভেম্বর বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটিতে (এএউবি) আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সকার বট, রোটরক্রাফট ইউএভি চ্যালেঞ্জ, ফিক্সড-উইং ইউএভি চ্যালেঞ্জ এবং স্পেস রোবোটিকস চ্যালেঞ্জ—এই চার বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হয়।

গ্রিন ইউনিভার্সিটির গ্রিন রোবোটিকস সোসাইটির তিনটি সকার বট দল প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে একটি দল দ্বিতীয় রাউন্ডে ওঠে। স্পেস রোবোটিকস চ্যালেঞ্জে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির মার্স রোভার দল চ্যাম্পিয়ন হয়।

২০ নভেম্বর প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএউবির উপাচার্য এয়ার ভাইস মার্শাল এম. মুস্তাফিজুর রহমান এবং ডিস্টিংগুইশড প্রফেসর এয়ার কমোডর (অব.) ড. আফজাল।

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তাঁর মতে, এ সাফল্য শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন।

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় শুরু থেকেই শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহ দিয়ে আসছে। মার্স রোভার দলের সদস্য, উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ সাফল্য শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা ও উদ্ভাবনে উৎসাহিত করবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram