অনলাইন ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুজন ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের কামালের স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন ইসলাম বড়ভিটা কামারপাড়া এলাকার সোনাতন চন্দ্র রায়ের ছেলে। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সুজনসহ কয়েকজন যুবক রাতে গণেশের বাজারে আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন। ভোরে খেলা শেষে তারা চার্জার ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।
কামালের স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে সুজন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভ্যানে থাকা আরও চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কিশোরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস ঢাকা পোস্টকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

