Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

১৩৩ বছরের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে নাটোর ট্রাফিক পুলিশের কার্যক্রম

১৩৩ বছরের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে নাটোর ট্রাফিক পুলিশের কার্যক্রম

অনলাইন ডেস্ক: সড়কে শৃঙ্খলা রক্ষা ও মানুষের নিরাপত্তায় দিনরাত দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। অথচ নাটোরে তাদের কর্মস্থলেই নেই নিরাপদ পরিবেশ। প্রায় ১৩৩ বছরের পুরোনো জরাজীর্ণ ভবনে চলছে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) কার্যালয় ও ট্রাফিক বিভাগের দাপ্তরিক কার্যক্রম। ভবনের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ে, দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। কার্যালয়ের সীমানাপ্রাচীরের বিভিন্ন অংশে ফাটল ধরে হেলে পড়েছে। একই অবস্থা পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাকেরও। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

নাটোর শহরের কান্দিভিটা এলাকায় সদর হাসপাতালসংলগ্ন স্থানে কার্যালয়টি অবস্থিত। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়ার চিহ্ন রয়েছে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে অফিসকক্ষে পানি পড়ে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশ সদস্যদের ব্যারাকেও বৃষ্টির পানি ঢুকে বিছানাপত্র ও কাপড়চোপড় ভিজে যায়।

সদর হাসপাতালসংলগ্ন সড়কের পাশের সীমানাপ্রাচীরের বিভিন্ন অংশ ফাটল ধরে হেলে পড়েছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন রোগী, স্বজন ও সাধারণ পথচারীসহ অসংখ্য মানুষ চলাচল করেন। প্রাচীরটি ধসে পড়লে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা রিনা বলেন, ভবনটির ইট ও অন্যান্য অংশ অনেক পুরোনো হয়ে গেছে। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়তে পারে বলে তাঁর ভয় হয়। সরকার ভবনটি সংস্কার করলে পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যরাও নিরাপদে থাকতে পারবেন বলে তিনি মনে করেন।

মল্লিকহাটি এলাকার বাসিন্দা সিয়াম বলেন, ট্রাফিক অফিসের সীমানাপ্রাচীরের অবস্থা খুবই খারাপ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি প্রাচীরটি দ্রুত সংস্কার অথবা নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

কার্যালয়ের কম্পিউটার অপারেটর পুলিশ সদস্য বিশারদ আলী বলেন, বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ঢুকে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে যায়। কম্পিউটার রুমে পিসি ও মনিটরের ওপরও পানি পড়ে। ভবনটি সংস্কার করা হলে কাজের পরিবেশ ভালো হবে বলে তিনি জানান।

নাটোর ট্রাফিকে কর্মরত এটিএসআই মোহাম্মদ মতিউর রহমান বলেন, ব্যারাকটি দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় রয়েছে। বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে কাপড়চোপড় ভিজে যায়। তাঁর ভাষ্য, সীমানাপ্রাচীরটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো সময় ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

পুলিশ সুপারের বক্তব্য

নাটোরের পুলিশ সুপার শরিফুল হক বলেন, পুলিশের কিছু স্থাপনা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, নাটোরে ট্রাফিক পুলিশের জন্য সরকারিভাবে আলাদা কোনো ভবন নেই। বর্তমানে যে ভবনে কার্যক্রম চলছে, সেখানে আগে সদর থানা ছিল। ২০১৩ সালের দিকে সদর থানা নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার পর থেকে এখানে অস্থায়ীভাবে ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবনটি ১৮৯৩-৯৪ সালের দিকে নির্মিত।

পুলিশ সুপার জানান, ভবনটি মেরামতের জন্য আগে পুলিশ সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে ভবনটির অবস্থা এতটাই খারাপ যে মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয়নি। নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত ট্রাফিক কার্যালয়টি অন্য কোনো ভাড়া ভবনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বর্তমান ভবনটিকে অকেজো বা কনডেম ঘোষণা করে ভেঙে ফেলার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram