অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ভেঙে যাওয়া সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের একটি গুরুত্বপূর্ণ সড়ক ছয় বছরেও পুনর্নির্মাণ হয়নি। সড়কের প্রায় ৭০০ ফুট অংশ বিলীন হয়ে যাওয়ায় সাত গ্রামের কয়েক হাজার মানুষকে বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষা এলে দুর্ভোগ আরও বাড়ে। শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের পারাপারে তৈরি হয় বাড়তি ঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ছয় বছর ধরে সংস্কারের দাবি জানালেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে স্কুল-কলেজে যাতায়াত, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও বাজারে যাওয়াসহ দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়ছেন তারা।
২০২০ সালের ঘূর্ণিঝড় আম্ফানের সময় জলোচ্ছ্বাসের প্রবল স্রোতে প্রতাপনগরের গড়ইমহল সড়কের বড় একটি অংশ ভেঙে যায়। পরে দীর্ঘদিন নৌকায় পারাপার করতে হয় এলাকাবাসীকে। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বাসিন্দাদের উদ্যোগে পরে বাঁশের সাঁকো তৈরি করে যোগাযোগ সচল রাখা হয়।
কুড়িকাহুনিয়া, সনাতনকাঠি, নাকনা, গোকুলনগর, গোয়ালকাটি ও শ্রীপুরসহ সাত গ্রামের মানুষ এই পথ ব্যবহার করেন। প্রতাপনগর ইউনিয়ন পরিষদ, ইউনাইটেড একাডেমি হাই স্কুল, এপিএস ডিগ্রি কলেজ, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা, আল-আমিন মহিলা মাদ্রাসা, ফুলতলা ও তালতলা বাজারে যাওয়ার গুরুত্বপূর্ণ পথ এটি।
নাকনা গ্রামের বাসিন্দা ডা. নিহার সরকার বলেন, শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি দ্রুত স্থায়ী যোগাযোগব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।
বাসিন্দা রানুফা খাতুন বলেন, আম্ফানের সময় মাত্র ১৫ মিনিটের মধ্যে তাদের ৭৬ শতক ভিটাবাড়ি পানিতে বিলীন হয়ে যায়। প্রায় ১১ মাস সাইক্লোন সেন্টারে আশ্রয়ে থাকতে হয়েছিল। তাঁর ভাষ্য, ভালো রাস্তা না থাকায় সন্তানদের স্কুল-কলেজে পাঠানো কঠিন হয়ে পড়েছে।
খালেক গাজী বলেন, ছয় বছর ধরে তারা শুধু আশ্বাস শুনছেন। আগে নৌকায় পারাপার করতে হতো এবং মক্তব ও স্কুলে যেতে নৌকা ভাড়া দিতে হতো। যানবাহন চলাচল না থাকায় অসুস্থ হলে হাতুড়ে চিকিৎসার ওপর নির্ভর করতে হয় বলেও তিনি জানান।
স্থানীয়দের দাবি, বর্ষায় বাঁশের সাঁকো পিচ্ছিল হয়ে যায় এবং পারাপারের সময় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, কুড়িকাহুনিয়ার কাঁঠালতলা থেকে মকবুল দোকানদারের বাড়ি পর্যন্ত প্রায় ৭০০ ফুট রাস্তা বিলীন হয়েছে। সেখানে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। তাঁর মতে, সাত গ্রামের মানুষের চলাচলের এই পথে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য প্রকল্প দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, রাস্তা ওয়াশ আউট হয়ে গভীর খাদ সৃষ্টি হওয়ায় এবং এলজিইডির বাজেট স্বল্পতার কারণে স্থায়ীভাবে কাজ করা সম্ভব হয়নি। ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৯৪ হাজার টাকা বরাদ্দ দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় প্রায় ৭০০ ফুট দীর্ঘ অস্থায়ী ভাসমান বাঁশের সাঁকো নির্মাণ করা হয়।
তিনি আরও বলেন, জায়গাটি গভীর হওয়ায় বিপুল পরিমাণ মাটি ভরাট করতে হবে, যা ব্যয়বহুল। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় আপাতত স্থায়ী উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।
স্থানীয়রা বলছেন, অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে বছরের পর বছর যোগাযোগ চালু রাখা স্থায়ী সমাধান নয়। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসার প্রয়োজনে নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত সড়কটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

