অনলাইন ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৪ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে ওই ৪ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রের তথ্য অনুযায়ী, সীমান্ত দিয়ে ৪ জন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির গোয়েন্দা তথ্য, সীমান্তে থাকা টহল দলের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় বিষয়টি শনাক্ত হয়। পরে বিজিবি সদস্যরা অবস্থান নিয়ে ওই চেষ্টা প্রতিহত করেন।
এরপর বিজিবির অবস্থানের মুখে শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই ৪ জনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা ১২ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল জোরদার রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

