Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সেদিন শোয়েবের মনে হয়েছিল, লারাকে মেরেই ফেলেছেন

সেদিন শোয়েবের মনে হয়েছিল, লারাকে মেরেই ফেলেছেন

অনলাইন ডেস্ক: শুধু গতি দিয়ে বিশ্বের সেরা ব্যাটারদের আতঙ্কিত করে নিজের খ্যাতি কুড়িয়েছিলেন শোয়েব আখতার। কিন্তু নিজের একটি ডেলিভারি তাকেই ভয়ে কাঁপিয়ে দিয়েছিল।

পাকিস্তানের সাবেক এই পেসার ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ব্রায়ান লারাকে আঘাত করার ঘটনা স্মরণ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে ফাইনালে উঠতে পাকিস্তানকে ১৩১ রান আটকাতে হতো। লারার কাছে একটি চার হজমের পর শোয়েব বাউন্সার দেন। বলটি লারার হেলমেটের ঠিক নিচে ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।

লারা রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। উইজডেন-এর দ্য স্কুপকে শোয়েব বলেন, সেই মুহূর্তে তার মনে হয়েছিল, তিনি লারাকে মেরেই ফেলেছেন।

শোয়েব জানান, শচীন টেন্ডুলকার তার বাউন্সারে আঘাত পাওয়ার সময়ও তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। জীবনে ওই দুটি ঘটনাতেই তিনি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন বলে জানান সাবেক এই পেসার।

শোয়েব বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যাটাররা তার কাছে রসিকতা করে বলতেন, যেন তিনি তাদের মেরে না ফেলেন। এক সর্বকালের সেরা ব্যাটার তার বলে আঘাত পাওয়ার পর আর ব্যাট করতে চাইছিলেন না বলেও জানান তিনি।

লারার ঘটনা স্মরণ করে শোয়েব বলেন, চার খাওয়ার পর তিনি জানতেন, নিজের নিয়ন্ত্রণহীন গতি দিয়ে ব্যাটারকে আঘাত করতে পারেন। লারাকে বল লাগার পর তার মনে হয়েছিল, তিনি তাকে মেরেই ফেলেছেন।

শোয়েব বলেন, বলের গতি অনেক বেশি হওয়ায় শচীন ও লারাকে আঘাত করার ঘটনায় তিনি ভয় পেয়েছিলেন। তাদের কোনো ক্ষতি হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারতেন না বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram