Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পারিবারিক লড়াইয়ে রেকর্ড ফিফটিতে বড় বোনের জয়

পারিবারিক লড়াইয়ে রেকর্ড ফিফটিতে বড় বোনের জয়

অনলাইন ডেস্ক: ব্রিসবেনে মেয়েদের বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার ও ব্রিসবেন হিট মুখোমুখি হয়েছিল। অ্যালান বোর্ড ফিল্ডে মুখোমুখি হয়েছিল দুই আপন বোন—লরা হ্যারিস ও গ্রেস হ্যারিস। দুজনেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন। ছোট বোন গ্রেসের সেঞ্চুরি ছাপিয়ে রেকর্ড গড়া ফিফটিতে জয় হলো বড় বোন লরার।

বৃহস্পতিবার রাতে রেকর্ড ৪৫১ রানের ম্যাচে লরা বিগ ব্যাশ লিগ ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরি করেন। সিডনি থান্ডার ছয় উইকেটে ম্যাচ জেতে। ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে সফল হওয়া প্রথম দলও হলো তারা।

গ্রেস হ্যারিস নিজের চতুর্থ বিগ ব্যাশ লিগ সেঞ্চুরি করে ১২১ রানে অপরাজিত ছিলেন। তার ব্যাটে ব্রিসবেন হিট ৩ উইকেটে ২২৫ রান সংগ্রহ করে। লরার ঝড়ো ইনিংস না হলে গ্রেসই ম্যাচসেরা হতে পারতেন।

সিডনি থান্ডারের ইনিংসের মাঝপথে দলটির সংগ্রহ ছিল ২ উইকেটে ৮৪ রান। পরে তিন নম্বরে নেমে আনিকা লিয়ারোয়েড অপরাজিত ৬০ রান করেন। হিদার নাইটের ব্যাট থেকে আসে ৪৪ রান।

১৪.৪ ওভারে সিডনির স্কোর ৪ উইকেটে ১৪৫ থাকার সময় ক্রিজে আসেন লরা। ছোট বোন গ্রেসের করা প্রথম দুই বলেই চার মারেন তিনি। ১৫ বলে ফিফটি পূর্ণ করে মেলবোর্ন স্টারসের টেস ফ্লিনটফের ১৬ বলে ফিফটির রেকর্ড ভেঙে দেন লরা।

প্রয়োজনীয় রান রেট ১৫-এর বেশি থাকলেও লরার ঝড়ো ব্যাটিংয়ে চার বল হাতে রেখে জয় পায় সিডনি। ৩৬ বছর বয়সী লরা ২০ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা। এই জয়ে থান্ডারের টানা চার হারের অবসান হয়, আর হিটের টানা চার জয়ের ধারাও থেমে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram