অনলাইন ডেস্ক: প্রযুক্তির উন্নয়নে সংগীত তৈরি ও রেকর্ডিং সহজ হয়েছে। তবে বলিউডের সংগীতাঙ্গনে কমেছে সৃজনশীলতার স্বাধীনতা। নব্বই দশকের সঙ্গে বর্তমান সময়ের সংগীতচর্চার তুলনা করে এমন মন্তব্য করেছেন সংগীতশিল্পী কুমার শানু। সম্প্রতি ২১ বছর পর উদিত নারায়ণের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
সংগীতজগতে চার দশকের বেশি সময় কাটানো কুমার শানুর মতে, এখনো ভালো গান তৈরি হচ্ছে। তবে আগের মতো পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই।
কুমার শানু বলেন, আগে সংগীত পরিচালক, গীতিকার ও গায়কদের সৃজনশীল স্বাধীনতা ছিল। একটি পরিস্থিতি দেওয়া হলে সংগীত পরিচালকরা একাধিক বিকল্প তৈরি করতেন। পরে দলগতভাবে সেগুলোর মধ্য থেকে সেরা সিদ্ধান্ত নেওয়া হতো। তার মতে, তখন চারপাশে সৃজনশীলতার চর্চা ছিল।
প্রযুক্তির ব্যবহার শিল্পীদের কাজের প্রতি নিষ্ঠা ও শৃঙ্খলাতেও প্রভাব ফেলেছে বলে মনে করেন ৬৯ বছর বয়সী এই শিল্পী। তার ভাষ্য, আগে এক বা দুইবারেই গান রেকর্ড শেষ হতো। এখন কখনো কখনো শব্দ ধরে ধরে রেকর্ড করা হয়। অটো-টিউন ও মেলোডাইনের মতো প্রযুক্তি ভুল সংশোধন সহজ করলেও প্রকৃত শিল্প সৃষ্টির বিকল্প হতে পারে না।
কুমার শানুর মতে, প্রযুক্তির ভালো-মন্দ দুই দিকই আছে। এতে গান গাওয়া, এমনকি নাচও সহজ হয়েছে। তবে প্রযুক্তি দিয়ে শিল্প সৃষ্টি করা যায় না; শিল্প ঈশ্বরের দান অথবা বংশপরম্পরায় পাওয়া যায়।
বর্তমান সংগীতাঙ্গনে প্রতিভাবান সংগীত পরিচালক কিংবা ভালো গানের অভাব রয়েছে বলে মনে করেন না তিনি। তার আপত্তি সৃজনশীলভাবে কাজ করার সুযোগ কমে যাওয়া নিয়ে। কুমার শানুর ভাষ্য, এখনো ভালো সংগীত তৈরির সক্ষমতা থাকা অনেক মানুষ আছেন; গানগুলো খারাপ নয়, কিন্তু আগের মতো স্বাধীনতা আর নেই।

