Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

তামাক নিয়ন্ত্রণে কৌশলগত যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তামাক নিয়ন্ত্রণে কৌশলগত যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, রাজধানী ঢাকার একটি তারকা হোটেলে তামাক নিয়ন্ত্রণে কৌশলগত যোগাযোগ কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে সরকারি প্রতিনিধি, বেসরকারি সংস্থা, শিক্ষাবিদ, সাংবাদিক, যোগাযোগ বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্য-সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ভাইটাল স্ট্র্যাটেজিসের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বজুড়ে সরকার ও বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়ন ও সুস্থ জীবনযাপনে সহায়ক নীতিমালা এগিয়ে নেওয়ার কাজের ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়।

২০২৬ সালের সংশোধনীর মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এ যুক্ত হওয়া নতুন বিধান সম্পর্কে জনগণকে অবহিত করতেই কর্মশালাটি আয়োজন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের (বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগ) অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাক ব্যবহারকারীদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে যোগাযোগ গুরুত্বপূর্ণ। সংশোধিত আইনের নতুন বিধান সম্পর্কে জনগণ, টাস্কফোর্স কমিটির সদস্য ও বাস্তবায়নকারী কর্মকর্তাদের অবহিত করতেও এটি ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন।

ভাইটাল স্ট্র্যাটেজিসের সিনিয়র কনসালট্যান্ট মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক ডা. এ কে এম মামুন উজ্জামান, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজার আমিনুল ইসলাম সুজন।

মো. শফিকুল ইসলাম জানান, সংশোধিত আইনে ধূমপানমুক্ত এলাকার পরিধি বাড়ানো, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি ধোঁয়াবিহীন তামাকজাত পণ্যের ব্যবহার নিষিদ্ধ করা এবং তামাকপণ্যের বিপণন ও প্রচারণায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তামাক কোম্পানির তথাকথিত কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রমের অপব্যবহার রোধেও নিষেধাজ্ঞা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, পার্ক ও খেলাধুলার স্থানের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকপণ্য বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।

দিনব্যাপী কর্মশালায় গণমাধ্যমভিত্তিক প্রচারণার বিবর্তন, বর্তমান গণমাধ্যম পরিবেশ, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল যোগাযোগ কৌশল এবং সংশোধিত আইনসংক্রান্ত হালনাগাদ তথ্য নিয়ে কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশন পরিচালনা করেন ভাইটাল স্ট্র্যাটেজিস, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রতিনিধিরা।

অংশগ্রহণকারীরা দলগত আলোচনার মাধ্যমে কৌশলগত যোগাযোগের পরামর্শ দেন এবং সংশোধিত আইনের বাস্তবায়নে তামাক কোম্পানির হস্তক্ষেপ ও প্রভাব মোকাবিলায় গণযোগাযোগ কৌশল তৈরির কাজ করেন। তরুণদের মধ্যে প্রচলিত তামাকপণ্য ও ইলেকট্রনিক সিগারেটের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।

সরকার, সুশীল সমাজ, গণমাধ্যম, গবেষক ও জনস্বাস্থ্য খাতের ৪০ জন অংশগ্রহণকারী সংশোধিত আইন বাস্তবায়নসংক্রান্ত বার্তা নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা নেন। কর্মশালায় বলা হয়, বাংলাদেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ তামাক ব্যবহারের কারণে মারা যায়।

আলোচনায় তামাকের ওপর কর বৃদ্ধি, তামাকপণ্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করা, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন তামাকমুক্ত করা এবং তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সতর্ক করার বিষয় তুলে ধরা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram