অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন যেতে না পেরে ঘাট থেকে ফিরে গেছেন অনেক পর্যটক। তবে টিকিটের টাকা ফেরত কিংবা পরবর্তী সময়ে একই টিকিটে ভ্রমণের সুযোগ পাবেন তারা।
কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিন রুটের পাঁচটি জাহাজ নোঙর করে রাখা হয়েছে। জাহাজ না ছাড়ায় ঘাটে আসা পর্যটকদের ফিরে যেতে হয়।
বৃহস্পতিবার চারটি জাহাজে সেন্টমার্টিন যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন ১ হাজার ৩২১ জন পর্যটক। জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আবহাওয়া অনুকূলে এলে এসব পর্যটক একই টিকিটে পরবর্তী সময়ে দ্বীপে যেতে পারবেন। ভ্রমণ সম্ভব না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় চলাচল শুরু হবে। পর্যটকদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ নির্দেশনার ফলে ১৭ ও ১৮ নভেম্বর সেন্টমার্টিনে গিয়ে সেখানে থেকে যাওয়া প্রায় এক হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের কক্সবাজারে ফেরা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পর বিআইডব্লিউটিএর চট্টগ্রাম দপ্তর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি রয়েছে।
চলতি বছরের ৫ নভেম্বর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিনে ভ্রমণ ও রাত্রিযাপন করতে পারবেন।

