অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে মালামাল ছড়িয়ে পড়ার ঘটনায় সৃষ্ট যানজট কেটেছে। সাড়ে ১০ ঘণ্টা পর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৪টা থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক মহাসড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে ট্রাকের মালামাল সড়কে ছড়িয়ে পড়লে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানজট প্রায় ৭ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। পরে দুপুর ১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সড়কে ছড়িয়ে পড়া মালামাল সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, মধ্যরাতে ঘুমের ঘোরে একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ডিভাইডারের ওপর উঠে যায়। এতে মালামাল সড়কে ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে ট্রাক ও মালামাল সরিয়ে নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

