অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে পা রাখবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার প্রধান হিসেবে উত্তরের এই সীমান্ত ঘেঁষা জেলায় এটি তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে লালমনিরহাটে বইছে উৎসবের আমেজ। স্থানীয়দের প্রত্যাশা, জেলার সার্বিক উন্নয়নে যুগান্তকারী ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে লালমনিরহাট শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাজসজ্জার কাজ চলছে। তাকে বরণ করে নিতে আনন্দ মিছিল, সাইকেল শোভাযাত্রা ও স্বেচ্ছাসেবীদের প্রস্তুতিমূলক র্যালি হয়েছে। কালেক্টরেট মাঠে সমাবেশের জন্য বিশাল প্যান্ডেল তৈরির কাজও চলছে। শহরের মিশন মোড়ের গোলচত্বর সাজানো হয়েছে দৃষ্টিনন্দন কারুকাজে।
সফরসূচিতে যেসব কর্মসূচি
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর জনসভায় বক্তব্য দেবেন। সবশেষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘সামাজিক আন্দোলনে আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন। কর্মসূচি শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে তার।
স্থানীয়দের বিভিন্ন দাবি
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রীর সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা গেছে। স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করা, বুড়িমারী থেকে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেন চালু, লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু এবং মোগলহাট স্থলবন্দর সচল করা।
এ ছাড়া বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়ন, সেখান থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রেন চালু, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিও রয়েছে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান আশা প্রকাশ করেছেন, সফরে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে।
লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে সফর উপলক্ষে কালেক্টরেট মাঠের প্রস্তুতি পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। প্রধানমন্ত্রীর সফর জেলার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

