অনলাইন ডেস্ক: প্রেমে বিচ্ছেদ ঘটেছিল, দুজনই জড়িয়েছিলেন অন্য সম্পর্কে। তবু পুরোনো ভালোবাসার টানেই শেষ পর্যন্ত আবার এক হয়েছেন অভিনেত্রী কাজল আগারওয়াল ও গৌতম কিচলু। প্রাক্তন প্রেমিককেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার গল্প শুনিয়েছেন অভিনেত্রী।
এক বন্ধুর বিয়েতে গৌতমের সঙ্গে কাজলের পরিচয় হয়। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পর প্রায় ১৩ বছর আগে তারা সম্পর্কে জড়ান। পরে তাদের বিচ্ছেদ হলেও বন্ধুত্ব অটুট ছিল। দুজনই অন্য সম্পর্কে জড়ানোর পর শেষ পর্যন্ত বুঝতে পারেন, একসঙ্গে থাকাই তাদের চাওয়া।
কাজল জানিয়েছেন, নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই তিনি বিয়ে করেছেন। অভিনেত্রীর ভাষ্য, আলাদা হয়ে যাওয়ার পরও তারা বন্ধু ছিলেন এবং অন্য মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। পরে তারা উপলব্ধি করেন, আসলে তাদের একসঙ্গেই থাকার কথা।
গৌতমকে বিয়ের সিদ্ধান্ত জানিয়ে কাজল তাকে বলেন, এবার হয় তাকে বিয়ে করতে হবে, নয়তো বিদায় নিতে হবে। তার মতে, এ বিষয়ে আর অন্য কোনো পথ ছিল না।
অভিনেত্রীর ভাষ্য, করোনা মহামারির লকডাউন তাদের সম্পর্ককে নতুনভাবে বুঝতে সাহায্য করে। কাজের ব্যস্ততা থেকে দূরে থাকায় সেই সময়ে তারা একে অপরকে বেশি সময় দেওয়ার সুযোগ পান। এরপরই দুজন বিয়ের সিদ্ধান্ত নেন।

