অনলাইন ডেস্ক: জলবায়ু পরিবর্তন ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকা পাওয়া যাবে।
কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে পরবর্তী সময়ে আরও ২০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থায়নের সম্ভাবনা রয়েছে। পুরো অর্থই অনুদান হিসেবে দেওয়া হবে, কোনো ঋণ নয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
তিনি জানান, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বে বাংলাদেশ গ্লোবাল শিল্ডের কাছে অর্থায়ন সহায়তার আবেদন জমা দিয়েছিল। এর লক্ষ্য জলবায়ু ও দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় দেশের আর্থিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা ব্যবস্থা জোরদার করা।
বাংলাদেশে কর্মসূচির আওতায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং বিমাব্যবস্থা শক্তিশালী করা হবে। এর মধ্যে জাতীয় নীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন, তথ্যব্যবস্থা ও মডেলিংয়ের উন্নয়ন এবং কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা ও অন্যান্য আর্থিক সুরক্ষা সম্প্রসারণ রয়েছে।
দুর্যোগের পূর্বাভাস বা নির্ধারিত ঝুঁকির ভিত্তিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গড়ে তোলা হবে। কর্মসূচিটি দেশের বিদ্যমান জাতীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং এসব প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জি-৭ ও ভি২০-এর যৌথ উদ্যোগে গ্লোবাল শিল্ড এগেইনস্ট ক্লাইমেট রিস্কস কর্মসূচি প্রতিষ্ঠিত হয়েছে। দুর্যোগের আগে আর্থিক প্রস্তুতি নিশ্চিত করা এবং দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই এর লক্ষ্য।
সংবাদ সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

