Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

লালবাগে ঝটিকা মিছিল: অর্থ জোগানদাতা সাবেক আ. লীগ নেতা গ্রেপ্তার

লালবাগে ঝটিকা মিছিল: অর্থ জোগানদাতা সাবেক আ. লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ঝটিকা মিছিলের আয়োজন, অর্থায়ন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-প্রচার সম্পাদক মোস্তফা আহমেদ জুয়েলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে লালবাগ থানাধীন পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্র করে একটি রাষ্ট্রবিরোধী ঝটিকা মিছিলের আয়োজন করা হয়।

পুলিশের দাবি, মোস্তফা আহমেদ জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক। ওই মিছিলে তিনি অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা ও সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram