অনলাইন ডেস্ক: গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা বিভিন্ন সড়কেও অস্ত্র হাতে মহড়া দেয়।
এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নেতাকর্মীরা। পুলিশের বাধা উপেক্ষা করে তারা থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান এবং গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেন বলে জানা গেছে।
এদিকে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার খবর পেয়ে জেলা শহর থেকে পুলিশ ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে সদর উপজেলার খালেকবাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের গতিরোধ করেন। এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

