অনলাইন ডেস্ক: পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের কাছে ৩ উইকেটে হেরে গেছে শ্রীলঙ্কা। ম্যাচটি শেষ হওয়ার পর পরই তারা দুঃসংবাদ পেয়েছে।
স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হয়েছে শ্রীলঙ্কা। তবে ফাইনালে নয়, বৃহস্পতিবার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় দলটির বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় শ্রীলঙ্কাকে জরিমানা করেছেন Emirates ICC Elite Panel-এর ম্যাচ রেফারি জেফ ক্রো। নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম হওয়ার জন্য দলের প্রতিটি খেলোয়াড়কে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস অপরাধ স্বীকার করে আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন স্লো ওভার রেটের অভিযোগটি তোলেন।

