অনলাইন ডেস্ক: ‘ফল খাওয়ার জন্য টাকা পাঠাতে চেয়েছিল, কিন্তু আমার ছেলেটা আগুনে পুড়ে মরে গেলো’—কান্নাজড়িত কণ্ঠে এ কথা বলছিলেন সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় আগুনে নিহত শাহিনের মা নার্গিস বেগম। ছেলের শেষ কথার স্মৃতি তুলে ধরে তিনি বলেন, শাহিন তাকে ১২ তারিখে টাকা পাঠানোর কথা জানিয়েছিল। এখন ছেলের মরদেহের অপেক্ষায় দিন কাটছে তার।
শনিবার (৩১ অক্টোবর) নওগাঁ শহরের পার নওগাঁ এলাকায় শাহিনের বাড়িতে গিয়ে দেখা যায়, মা নার্গিস বেগম ছেলের নিথর দেহের অপেক্ষায় রয়েছেন। কান্না ও শোকে বারবার ভেঙে পড়ছেন তিনি। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাও শাহিনের মরদেহ দেখার অপেক্ষায় আছেন।
ভাগ্য পরিবর্তনের আশায় চলতি বছরের এপ্রিল মাসে সাড়ে ৫ লাখ টাকা ঋণ করে সৌদি আরবে যান শাহিন। স্ত্রী, ৬ বছরের ছেলে, ৮ মাস বয়সী মেয়ে ও ষাটোর্ধ্ব মাকে রেখে বিদেশে পাড়ি জমান তিনি। যাওয়ার পাঁচ মাসের মাথায় তাকে হারিয়ে পরিবার ও স্বজনেরা শোকে স্তব্ধ।
শাহিনের মামি নিলুফা ইয়াসমিন বলেন, শাহিনের বয়স যখন চার বছর, তখন তার বাবা মারা যান। অনেক কষ্টে বড় হওয়া শাহিন বিদেশে গিয়ে আয় করে ঋণ শোধ ও সংসারে সহায়তা করতে চেয়েছিলেন। মৃত্যুর তিন দিন আগে তিনি ১২ তারিখে ৩২ হাজার টাকা পাঠানোর কথা জানিয়েছিলেন। এর মধ্যে ২০ হাজার টাকা কিস্তি পরিশোধে এবং বাকি টাকা সংসারের কেনাকাটায় ব্যবহারের কথা ছিল।
শাহিনের মামা আব্দুস সালাম বলেন, ছোটবেলা থেকেই শাহিন পরিশ্রমী ছিলেন। ঋণ করে বিদেশে যাওয়ার পর টাকা পাঠানো শুরু করার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি পরিবারটির জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহগুলো বিনা খরচে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে।
সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় গত ৯ আগস্টের অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসী নিহত হন। তাদের মধ্যে ১২ জনের বাড়ি নওগাঁ জেলায়। গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে আসে। পরে বাকি ৭ জনের মরদেহও দেশে পৌঁছেছে। তাদের মধ্যে নওগাঁর পাঁচজন হলেন শাহিন, হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামানিক, মাসিদুল সরদার সজিব ও সাগর আলী।

