Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সময় থাকতে সতর্ক হওয়ার আহ্বান অলি আহমেদের

সময় থাকতে সতর্ক হওয়ার আহ্বান অলি আহমেদের

অনলাইন ডেস্ক: সময় থাকতে সতর্ক হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, দিন শেষে সবকিছুর দায় তার ওপরই আসবে। যারা এখন তার সঙ্গে আছেন, বিপদের সময় তারা পালিয়ে যাবেন। তখন কেউ বলবেন না যে আমরা এর জন্য দায়ী। অনুরোধ করব, সময় থাকতে হাঁটেন, না হলে বিপদে পড়বেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

অলি আহমেদ বলেন, অতীত অভিজ্ঞতা থেকে তারা চান দেশ সঠিক পথে চলুক। তার মতে, প্রতিটি অফিস ও পদের জন্য নিয়ম থাকা দরকার। সিস্টেম ঠিক না থাকলে কোনো দেশ এগোতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি প্রতিষ্ঠানে দলীয় প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, জেলা অফিস, জেলা পরিষদ অফিস, বিভিন্ন করপোরেশন, সিটি করপোরেশন ও পৌরসভা বিএনপি অফিসে পরিণত হয়েছে। এসব জায়গা থেকে সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ এবং বিভিন্ন দখল ও হস্তক্ষেপের অভিযোগও করেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অলি আহমেদ বলেন, বিরোধী দলের কাজ হলো সরকারি দলকে সঠিক পথে রাখা। সরকার তার পরামর্শ না শুনলে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর সময়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

সরকারকে অভিজ্ঞ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে এলডিপির চেয়ারম্যান বলেন, দেশ ও মানুষ শান্তিতে থাকুক—এটাই তাদের কাম্য।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram