অনলাইন ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি তারা এখন ভোগ করছে। জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবেন না।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরেছেন। সফরের কারণ ও ফলাফল জাতির সামনে পরিষ্কার করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, তা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, তারা দলীয় বা ব্যক্তিগত দাবি নিয়ে মাঠে নামেননি; দাবিগুলো জনগণের দাবি ও মানুষের ভোগান্তির সঙ্গে সম্পর্কিত। তিনি জানান, সাত দফার মূল দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন। এই দাবি বাস্তবায়ন না হওয়ার কারণেই অন্য ছয় দফার সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি জাতিকে হতাশ করেছে এবং গণরায়কে উপহাস করেছে। বিএনপিকে দাবিগুলো মেনে নিয়ে সুস্থ ধারায় ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৯ তারিখ সংসদ বসার আগেই গণভোটের গণরায় বাস্তবায়নের ঘোষণা দেওয়া উচিত।
তিনি আরও বলেন, ওই ঘোষণা না এলে জনগণের দাবি ও ৭০ ভাগ মানুষের ভোটকে অপমানিত হতে দেওয়া হবে না। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
যুবসমাজকে কারও ছলনায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সাময়িক মুক্তিকে দীর্ঘস্থায়ী করতে তাদের আবারও লড়াই করতে হবে। তিনি দেশবাসীকে কথিত আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
সমাবেশে এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

