Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির রেকর্ড ইংলিসের

তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির রেকর্ড ইংলিসের

অনলাইন ডেস্ক: আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত জশ ইংলিস। টেস্ট ফরম্যাটে তাকে কমই দেখা যায়। সুযোগ পেয়েই সেটিকে কাজে লাগাতে কার্পণ্য করেননি অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তিনি দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। এর মধ্য দিয়ে ইংলিস আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির এলিট লিস্টে প্রবেশ করেছেন। এই তালিকায় পুরুষ-নারী মিলিয়ে আছেন ১৩ ক্রিকেটার।

পুরুষ ক্রিকেটে এর আগে আন্তর্জাতিক সব ফরম্যাটেই একাধিক সেঞ্চুরি করেছেন পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জস বাটলার, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শাই হোপ, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম, ভারতের রোহিত শর্মা ও লোকেশ রাহুল এবং শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।

নারী ক্রিকেটে ভারতীয় তারকা স্মৃতি মান্দানা একমাত্র ক্রিকেটার, যিনি সব ফরম্যাটে একাধিক সেঞ্চুরি করেছেন। সম্প্রতি হারমনপ্রিত কৌরকে সরিয়ে তাকে অধিনায়ক করেছে ভারত। প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ন্যূনতম দুটি সেঞ্চুরি করে এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন ইংলিস।

ইংলিসের সেঞ্চুরিতে ভর করে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জে ফেলেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩২৯ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়া ৪২৯ রান করে ১০০ রানের লিড নেয়। অস্ট্রেলিয়ার হয়ে ১৩৫ বলে ১১টি চার ও দুটি ছক্কায় সর্বোচ্চ ১০২ রান করেন ইংলিস। অ্যালেক্স ক্যারি ৮০, ম্যাট রেনশ ৭৪ এবং ক্যামেরন গ্রিন ৬৪ রান করেন।

১০০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ১৪০ রান করেছে। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ৪০ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করে আউট হয়েছেন মার্কেস অ্যাকারম্যান। ২০০৮ সালে মেলবোর্নে গ্রায়েম স্মিথের পর তিনিই প্রথম দক্ষিণ আফ্রিকান ওপেনার, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্টের দুই ইনিংসেই পঞ্চাশ রান করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram