অনলাইন ডেস্ক: রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত বছরের তুলনায় এ বছর জব্দ করা অবৈধ জালের পরিমাণ ও কারাদণ্ডপ্রাপ্ত জেলের সংখ্যা কমেছে। গত বছর ২২ দিনের অভিযানে ৩০ লাখ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং ১৭১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ বছর একই সময়ে জাল জব্দ হয়েছে ১৬ লাখ ৫৫ হাজার মিটার এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে ৪৬ জনের।
জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের অভিযানে ৯৭টি অভিযান ও ১৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে ২৭৮ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এসব তথ্য নিশ্চিত করেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৭৮টি মামলা করা হয়েছে। এ ছাড়া ২৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। অভিযানে ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা মালামাল নিলামে বিক্রি করে আয় হয়েছে ১ লাখ ১০০ টাকা।
২০২৫ সালের অভিযানে ২২ দিনে ১৭২টি অভিযান ও ৫৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছিল। সে সময় ইলিশ শিকারের দায়ে ১৭১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং ২২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে নৌপুলিশ। জব্দ করা হয়েছিল ৩০ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার ১১৮ কেজি ইলিশ।
তুলনামূলক হিসাবে, গত বছরের চেয়ে এ বছর জাল জব্দ কমেছে ১৩ লাখ ৬০ হাজার মিটার এবং কারাদণ্ডপ্রাপ্ত জেলের সংখ্যা কমেছে ১২৫ জন। অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যাও কমেছে।
সচেতন নাগরিকদের অভিযোগ, এ বছর অভিযান তুলনামূলকভাবে ঢিলেঢালাভাবে পরিচালিত হয়েছে। তাদের দাবি, নিষেধাজ্ঞার সময় নদীর পাড়ে অস্থায়ী হাট বসিয়ে ইলিশ বিক্রি করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে অভিযান জোরদারের পাশাপাশি নদীর পাড়ে মাছ বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, অভিযানের প্রথম সপ্তাহে নদীতে স্রোত থাকায় জেলেরা তেমন নদীতে নামেননি। ফলে জাল জব্দ ও মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যাও কম ছিল। অভিযানের মাঝামাঝি সময়ে জেলেদের তৎপরতা বাড়লে তখন অভিযান চালিয়ে জাল জব্দ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সীমাবদ্ধতার মধ্য দিয়েই অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।

