অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে পুরো সিরিজের জন্য তারকা পেসার প্রসিধ কৃষ্ণকে হারিয়েছে শুভমান গিলের দল।
হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সময়মতো সেরে উঠতে পারেননি প্রসিধ। তবে কর্ণাটকের এই পেসারের নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় অনানুষ্ঠানিক টেস্টের জন্য ভারত ‘এ’ দলে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে তাকে ‘রিটার্ন টু প্লে’ (আরটিপি) মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে এই পরীক্ষা নেওয়া হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে গত ৩০ সেপ্টেম্বর হ্যামস্ট্রিংয়ে চোট পান ডানহাতি এই পেসার। ওই ম্যাচে ৫ ওভার করেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রসিধকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও দুটি টেস্টে তাকে পাওয়ার আশা করছেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল।
ওয়ানডে দলে প্রসিধের বিকল্প হিসেবে কারও নাম ঘোষণা করেনি ভারত। বিশ্রামে রয়েছেন পেসার জাসপ্রিত বুমরাহও। এদিকে পেস অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির পুরো ওয়ানডে সিরিজে খেলার কথা থাকলেও বিসিসিআই জানিয়েছে, তিনি প্রথম ওয়ানডে খেলেই ‘এ’ দলের স্কোয়াডে যোগ দেবেন। ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্টে তাকে পাওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজ চলবে ৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।
ভারতের ওয়ানডে স্কোয়াড
প্রথম তিন ওয়ানডের দলে রয়েছেন শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, নমন ধীর, অনশুল কম্বুজ, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, ইশান কিষাণ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও নীতিশ কুমার রেড্ডি।
শেষ দুই ওয়ানডের দলে রয়েছেন শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ইশান কিষাণ, অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, কুমার কুশাগ্র, মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।

