Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বরগুনায় দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার দাবি পুলিশের

বরগুনায় দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার দাবি পুলিশের

অনলাইন ডেস্ক: বরগুনায় ডাকবাংলোর দুটি আলাদা কক্ষ থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের আলোচিত ঘটনায় তদন্তের পর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, বিভিন্ন এনজিও ও মানুষের কাছে ৪ লাখ টাকারও বেশি ঋণের কারণে মানসিক দুশ্চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে মেয়ে আরাধ্যা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাসকে (৩) হত্যার পর মা ইতি রানী (৩৪) আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন এ তথ্য জানান।

পুলিশ জানায়, ইতি রানী ও তার স্বামী দুলাল চন্দ্র বিশ্বাসের নামে বিভিন্ন উৎস থেকে মোট ৪ লাখ ৭ হাজার ৭২৩ টাকা ঋণ ছিল। এর মধ্যে ইতি রানী স্থানীয় পাঁচটি এনজিও থেকে ২ লাখ ২৭ হাজার ৭২৩ টাকা, দুলাল চন্দ্র বিশ্বাস একটি এনজিও থেকে ৮০ হাজার টাকা এবং দুই ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকা ধার নেন।

সংসারের আর্থিক সংকট ও ঋণের দায় নিয়ে দুশ্চিন্তায় থাকা ইতি রানী স্বামীর ব্যবসায় সহায়তার জন্য জেলা পরিষদের ডাকবাংলোয় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি নেন। ঘটনার দুই মাস আগে তিনি সেখানে কাজ শুরু করেন।

গত ৩ জুন বেলা ১১টার দিকে দুই মেয়েকে নিয়ে ডাকবাংলোয় যান ইতি রানী। দুপুরের দিকে তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অন্য কর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ একটি কক্ষ থেকে বড় মেয়ে আরাধ্যা বিশ্বাস এবং বন্ধ কক্ষের ভেতর থেকে ইতি রানী ও ছোট মেয়ে অনুরাধা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—এ নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়। পরে ৯ জুন ইতি রানীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বরগুনা থানায় মামলা করেন। তদন্তে ঋণের তথ্য পাওয়ার পর জেলা পুলিশ প্রাথমিকভাবে জানায়, ইতি রানী দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন।

পুলিশের ভাষ্য, ইতি রানীর স্বামীর কোনো জমি নেই এবং তাদের পুত্রসন্তানও নেই। আর্থিক সংকট ও ঋণের কারণে ইতি রানী হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। শিগগিরই আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে বলে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram