অনলাইন ডেস্ক: নাঈম হাসানের আগের ওভারেই ফিরতে পারতেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ। কিন্তু শর্ট ফিল্ডার মুমিনুল হক সহজ ক্যাচটি নিতে পারেননি। এক ওভার পর নাঈম ফিরে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জাস্টিন গ্রিভসকে। এতে ৫১ রানের জুটি ভেঙে ব্রেকথ্রু পায় বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৬ উইকেটে ২১৩ রান।
এখনও বাংলাদেশ ৫৯ রানে এগিয়ে আছে। চেজের ক্যাচটি ধরা পড়লে স্বাগতিকরা আরও স্বস্তিতে থাকতে পারত।
দিনের দশম ওভারে হাফসেঞ্চুরি পূর্ণ করা তেজনারায়ণ চন্দরপলকে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান শরিফুল ইসলাম। ১৬৪ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূর্ণ করা চন্দরপল এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে স্লিপে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার।
এর আগে জাস্টিন গ্রিভসের সঙ্গে চন্দরপল ৬৫ রানের জুটি গড়েছিলেন। চন্দরপল ফেরার পর অধিনায়ক রোস্টন চেজকে নিয়ে দেখেশুনে খেলছিলেন গ্রিভস।
মিরপুর টেস্টের প্রথম দুই দিন আলো-আধারের কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়েছিল। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৩৪ রান। ৪৩ রানে অপরাজিত থাকা চন্দরপল তৃতীয় দিনের শুরুতে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।

