Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়াল মেসির মায়ামি

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়াল মেসির মায়ামি

অনলাইন ডেস্ক: ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাতির ম্যাচ ৬০ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতায় ছিল। এরপর লিওনেল মেসির দল এগিয়ে গেলেও লিড বেশিক্ষণ টেকেনি। নাটকীয় ম্যাচের শেষ ১০ মিনিটে হয়েছে ৩ গোল। ৯০ মিনিটে করা শেষ গোলটির সুবাদে মায়ামি হার এড়িয়েছে। ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।

স্পেনে রাজপরিবারের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ নিয়ে এসে এটি ছিল মেসির দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে ভ্রমণক্লান্তিতে থাকা এই আর্জেন্টাইন তারকা দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন। গোল বা অ্যাসিস্ট না পাওয়া সেই ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরেছিল মায়ামি। এবারের ম্যাচেও মেসি গোল-অ্যাসিস্ট পাননি, জয়ও পায়নি তার দল।

৬১ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় মায়ামি। ৮০ মিনিটে কেনজি এমবোমা ডেম গোল করে সিনসিনাতিকে সমতায় ফেরান। ছয় মিনিট পর স্যামুয়েল গিডির গোলে এগিয়ে যায় সিনসিনাতি।

তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে রিকুয়েলমে ফিলিপ্পি বক্সের বাঁ প্রান্ত দিয়ে দূরের পোস্টে বাঁকানো শটে গোল করেন। মেজর লিগ সকারে এটি ছিল তার প্রথম গোল। এই গোলেই মায়ামি হার এড়ায়।

ড্রয়ের পর এমএলএস ইস্টার্ন কনফারেন্সে তিনে থাকা মায়ামির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে নিউ ইংল্যান্ডের পয়েন্ট ৫৮। উভয় দলের হাতে রয়েছে আরও দুটি করে ম্যাচ। পরের ম্যাচে মেসিদের দল নিউ ইংল্যান্ডের মাঠে খেলবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram