Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মুখ ঢেকে তর্ক করায় দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

মুখ ঢেকে তর্ক করায় দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

অনলাইন ডেস্ক: ফুটবলের নতুন নিয়ম অনুযায়ী হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে তর্ক করায় কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ওই ঘটনায় সান্তোসের এই ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনটি হলুদ কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ খেলতে পারতেন না নেইমার। নতুন নিষেধাজ্ঞা মিলিয়ে সান্তোসের হয়ে তিন ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

গত শনিবার ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের ঘটনায় বুধবার শাস্তির কথা জানায় ব্রাজিলের সুপ্রিম কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি)। ম্যাচটিতে একটি হলুদ কার্ড দেখার পর আরেকটি ঘটনায় লাল কার্ড পান নেইমার।

বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদের সময় মুখ ঢেকে রাখায় নেইমারকে দোষী সাব্যস্ত করেছে ক্রীড়া ট্রাইব্যুনাল। এ ঘটনায় ‘ভিনিসিয়ুস জুনিয়র’-এর নামে পরিচিত নিয়ম ভঙ্গ করেছেন তিনি। ওই নিয়মে মাঠে প্রতিপক্ষের সঙ্গে সংঘাতের সময় খেলোয়াড়দের মুখ ঢেকে রাখা নিষিদ্ধ।

রেফারির প্রতিবেদনের বরাতে এসটিজেডি জানিয়েছে, লাল কার্ড দেখার পর নেইমার প্রতিপক্ষের সঙ্গে আবারও বিবাদে জড়াতে দর্শক দলের বেঞ্চের দিকে ছুটে যান। পরে সতীর্থদের তাকে আটকে রাখতে হয়।

নিয়ম লঙ্ঘনের ঘটনায় দেওয়া এই রায়ের বিরুদ্ধে নেইমার ও সান্তোস আপিল করতে পারবেন।

গত তিন মাসে এ নিয়ে দ্বিতীয়বার নেইমারের শাস্তির ঘটনা আলোচনায় এসেছে। গত আগস্টে ব্রাজিলের শীর্ষ ফুটবলে গোলরক্ষকদের সময়ক্ষেপণ ঠেকাতে পরীক্ষামূলকভাবে চালু করা নতুন নিয়মের আওতায় সাময়িকভাবে মাঠের বাইরে যেতে হয়েছিল সাবেক ব্রাজিল অধিনায়ককে।

সবমিলিয়ে ধারণা করা হচ্ছে, নভেম্বরের শেষ ভাগের আগে মাঠে ফিরতে পারবেন না নেইমার।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram