Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি, দিনে রোদের তীব্রতা

পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি, দিনে রোদের তীব্রতা

অনলাইন ডেস্ক: দিনে রোদের তীব্রতা থাকলেও বিকেল গড়াতেই পঞ্চগড়ে বইছে ঠান্ডা বাতাস। সন্ধ্যার পর বাড়ছে শীতের অনুভূতি, যা রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে। ভোর পর্যন্ত শীতের আমেজ থাকলেও সূর্য ওঠার পর আবার বাড়ছে তাপমাত্রা। দিন ও রাতের আবহাওয়ায় এমন বৈপরীত্যের মধ্যে তাপমাত্রা কমতে থাকায় শীতের আগমনী বার্তা অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাতের তাপমাত্রা কমলেও দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে। মঙ্গলবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনে গরম ও রাতে ঠান্ডার আবহাওয়ার মধ্য দিয়ে সময় পার করছেন জেলার বাসিন্দারা।

সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা রুবেল ইসলাম বলেন, দিনের বেলা রোদের কারণে গরম লাগে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই ঠান্ডা বাতাস বইতে শুরু করে। রাতে ও ভোরে শীত বেশি অনুভূত হচ্ছে।

একই এলাকার বাসিন্দা মাসুস রানা বলেন, সকালে বাইরে বের হলে ঠান্ডা বাতাস লাগে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে গরম অনুভূত হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, কয়েক দিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয় থেকে আসা বাতাসের প্রভাবে জেলায় তাপমাত্রা কমছে। শীত আসতে শুরু করেছে। তবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে জেলায় বৃষ্টিবলয় কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram