অনলাইন ডেস্ক: ভারত ছাড়ার নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান। বম্বে হাইকোর্টের হস্তক্ষেপে এখনই তাকে দেশ ছাড়তে হচ্ছে না। ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ২৮ অক্টোবরের মধ্যে এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের ঠিক একদিন আগে, মঙ্গলবার উচ্চ আদালত সেই নির্দেশনার ওপর স্থগিতাদেশ জারি করেছে।
মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২ নভেম্বর। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর মুম্বাইয়ে ‘ককরোচ’ নামের একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন ইমরান খান। সেখান থেকেই তাকে আটক করা হয়।
বিক্ষোভে অভিনেতার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা ও সাবেক সংসদ সদস্য কিট্রি সোমাইয়া। তিনি দাবি করেন, ইমরান খান একজন মার্কিন নাগরিক। এর পর মুম্বাই পুলিশ তাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দেয়।
ইমরান খানের দাবি, তিনি আমেরিকার নাগরিক হলেও তার বৈধ ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড রয়েছে। আদালতে করা রিট পিটিশনে তিনি বলেন, মাত্র দুই বছর বয়স থেকে ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন। তার কোনো অপরাধমূলক রেকর্ড নেই, ভারতে বিয়ে করেছেন এবং তার একটি সন্তান রয়েছে। অভিনয়কে পেশা হিসেবে নিয়েই তিনি এ দেশে জীবনযাপন করছেন বলেও উল্লেখ করেন।
কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে ‘স্বেচ্ছাচারী’ অভিহিত করে ইমরান খান দাবি করেন, এটি ভারতীয় সংবিধানের ১৪ ও ২১ নম্বর অনুচ্ছেদে দেওয়া মৌলিক অধিকারের লঙ্ঘন। তার ভাষ্য অনুযায়ী, এই সুরক্ষা আইনগতভাবে বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি আরও জানান, তার বিরুদ্ধে এফআইআরে আনা অভিযোগগুলো জামিনযোগ্য এবং সেগুলোর সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড।

