Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

আলভারেজ ইস্যুতে শাস্তি পেল বার্সেলোনা

আলভারেজ ইস্যুতে শাস্তি পেল বার্সেলোনা

অনলাইন ডেস্ক: আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ সর্বশেষ বিশ্বকাপের মাঝেই অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি যেমন লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনায় যেতে চেয়েছিলেন, তেমনি কাতালান ক্লাবও এ নিয়ে প্রক্রিয়া শুরু করেছিল। তবে শেষ পর্যন্ত উভয়পক্ষই ব্যর্থ হয়। নিজেদের অবস্থানে অনড় থেকে আলভারেজকে ধরে রাখা অ্যাতলেটিকোর অভিযোগের ভিত্তিতে এবার বার্সেলোনাকে শাস্তি পেতে হয়েছে।

দিয়েগো সিমিওনের দলের অভিযোগের ভিত্তিতে স্প্যানিশ চ্যাম্পিয়নদের ৬০২ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। অ্যাতলেটিকোর অভিযোগ, লিখিতভাবে না জানিয়েই বার্সেলোনা আর্জেন্টিনার ফরোয়ার্ড আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছে।

এর আগে দলবদলের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিশ্বকাপের সময় করা মন্তব্যের জন্য অ্যাতলেটিকো সমর্থকদের কাছে ক্ষমা চান ২৬ বছর বয়সী আলভারেজ। ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০৩০ সালের জুন পর্যন্ত।

স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ শাস্তি দিলেও অ্যাতলেটিকো ফিফার কাছেও বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়।

দলবদলের চেষ্টা নিয়ে অ্যাতলেটিকো সমর্থকদের কাছ থেকে কয়েকবার দুয়ো শুনেছিলেন আলভারেজ। তবে দিপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচজয়ী গোল করার পর ক্লাব সমর্থকেরা তাকে দাঁড়িয়ে সম্মান জানান। ওই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে অ্যাতলেটিকোর ব্যবধান দুই পয়েন্টে নেমে আসে।

সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে আলভারেজ বলেন, তার কথা বলার ধরন ও মন্তব্যের সময় ভুল ছিল। সমর্থকদের রাগ তিনি বুঝতে পারেন বলেও জানান। বর্তমানে নিজের উন্নতির দিকে মনোযোগ দিচ্ছেন বলে জানান এই আর্জেন্টাইন তারকা।

২০১৯ সালেও আঁতোয়ান গ্রিজম্যানের সঙ্গে চুক্তির ঘটনায় বার্সেলোনার বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিল অ্যাতলেটিকো। ওই অভিযোগের নিষ্পত্তি হয়েছিল ৩০০ ইউরোর বিনিময়ে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram