অনলাইন ডেস্ক: কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামালকে হারিয়ে এবারের ব্যালন ডি’অর জিতেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৭৩ গোল করায় পুরস্কারের দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। তবে বড় ম্যাচে দলের জন্য কেইন কিছু করতে পারেন না বলে মন্তব্য করেছেন সাবেক ফরাসি ফুটবলার সামির নাসরি।
গত সোমবার দিবাগত রাতে প্রথমবার লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে ব্যালন ডি’অর অনুষ্ঠান হয়। ভোটাভুটিতে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে প্রথমবারের মতো পুরস্কারটি জেতেন ৩৩ বছর বয়সী কেইন।
সংবাদমাধ্যম ক্যানাল প্লাসকে দেওয়া মন্তব্যে নাসরি কেইনকে অনেক গুণসম্পন্ন খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন। তবে তার দাবি, পরিসংখ্যানই পুরস্কার নির্ধারণে বড় পার্থক্য গড়ে দিয়েছে এবং কেইন কখনো এমন খেলোয়াড় ছিলেন না, যিনি দলকে ভালো অবস্থানে নিয়ে যাবেন বা বড় ম্যাচে জেতাবেন।
ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের সাবেক এই মিডফিল্ডার বলেন, কেইনের খেলায় প্রায়ই সামান্য দুর্বলতা থাকে।
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করে ক্যারিয়ারের সেরা মৌসুম কাটান কেইন। দলীয় সাফল্যেও ভূমিকা রাখেন তিনি। ইংল্যান্ডকে বিশ্বকাপের তৃতীয় স্থান এবং বায়ার্নকে বুন্দেসলিগাসহ একাধিক ট্রফি জয়ে সহায়তা করেন এই স্ট্রাইকার।
পুরস্কার জয়ের পর কেইন কঠোর পরিশ্রম, সহনশীলতা, দৃঢ় সংকল্প ও নিজের ওপর বিশ্বাসকে সাফল্যের চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। নিজের যাত্রা সহজ ছিল না বলেও জানান তিনি।

