অনলাইন ডেস্ক: পাবনার নিত্যপণ্যের বাজারে দামের মিশ্র চিত্র দেখা যাচ্ছে। একদিকে গরু ও খাসির মাংস, চাল, ডাল ও মসলার দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে মাছের দাম উল্লেখযোগ্যভাবে কমায় কিছুটা স্বস্তি ফিরেছে। মৌসুমি সবজি, মুরগি ও ডিমের দামও কমেছে। তবে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। ফলে কিছু পণ্যের দাম কমলেও সামগ্রিকভাবে পুরোপুরি স্বস্তি ফিরছে না।
সোমবার (২৬ অক্টোবর) পাবনা শহরের বড় বাজারে ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সাম্প্রতিক সময়ে খাসির মাংসের দাম কেজিতে ১০০ টাকা এবং গরুর মাংসের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। চাল, তেল ও মসলার দামও বেড়েছে।
চাল, ডাল ও তেলের দাম
ভালো মানের চিকন চালের দাম দুই মাসের ব্যবধানে কেজিতে ৭০ টাকা থেকে বেড়ে ৮০-৮৫ টাকা হয়েছে। ২৫ কেজির বস্তা এখন ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সুগন্ধি চালের দাম কমে কেজিতে ১৮০ টাকায় নেমেছে; গত মাসে যা ছিল ২২০ থেকে ২৪০ টাকা।
মসুর ডাল কেজিতে ২৫ টাকা বেড়ে ১৪০ টাকা, বুটের ডাল ২০ টাকা বেড়ে ১২০ টাকা এবং কলাইয়ের ডাল ২০ টাকা বেড়ে ১৮০ টাকা হয়েছে। খোলা সয়াবিন তেল লিটারে ১৩ টাকা বেড়ে ২০৩ টাকা এবং বোতলজাত সয়াবিন ২০৪-২০৫ টাকায় বিক্রি হচ্ছে।
মাংস, মাছ, মুরগি ও ডিম
গরুর মাংস এখন কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি মুরগি ৬০০ টাকা, কক ৩৬০ টাকা ও লেয়ার ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেয়ার মুরগির ডিমের দাম কমে হালিপ্রতি ৪৫ টাকা হয়েছে।
গত এক সপ্তাহের তুলনায় রুই, পাঙাশ, চিংড়ি, বাটা, শিং, কাতল, পুঁটি ও পাবদার দাম কমেছে। বর্তমানে রুই কেজিপ্রতি ৩৫০-৬০০ টাকা, পাঙাশ ২০০-২২০ টাকা এবং পাবদা ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে তেলাপিয়ার দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে।
পাইকারি মাছ বিক্রেতা হারুন হোসেন বলেন, চাহিদা কম থাকায় মাছের দাম কমেছে। খুচরা বিক্রেতা মুকুল শেখের ভাষ্য, মাসের শেষ হওয়ায় মাছের চাহিদা কমে থাকতে পারে।
সবজি ও মসলার বাজার
শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশির ভাগ সবজির দাম কেজিতে ৫ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, গোল বেগুন ৭০ টাকা এবং করলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে গাজর ৫০ টাকা বেড়ে ২০০ টাকা এবং টমেটো ৩০ টাকা বেড়ে ১৮০ টাকা হয়েছে।
মসলার মধ্যে আদা ২০০ টাকা, রসুন ১২০ টাকা, শুকনা মরিচ ৪৬০ টাকা এবং পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, সবজির দাম কমলেও চাল, ডাল ও তেলের বাড়তি দামে স্বস্তি ফিরছে না।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি বলেন, বাজার মনিটরিং অব্যাহত আছে। গরুর মাংসের দাম বাড়ার বিষয়টি খতিয়ে দেখা হবে এবং বেশি দাম নেওয়ার অভিযোগ পাওয়া বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

