অনলাইন ডেস্ক: সরকারের অনুমতি পেলে প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে—বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (২৬ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
বিবৃতিতে ছাত্রশিবির নেতারা বলেন, পুলিশের সর্বোচ্চ পদে থাকা একজন কর্মকর্তার মুখে ক্রসফায়ারের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রকাশ্য ঘোষণা সংবিধান, মানবাধিকার ও আইনের শাসনের ওপর চরম আঘাত। তাঁদের দাবি, অপরাধ দমনের দায়িত্বে থাকা বাহিনীর প্রধান যখন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সম্ভাব্য পদক্ষেপ হিসেবে তুলে ধরেন, তখন নাগরিকের সাংবিধানিক অধিকার ও আইনের শাসন হুমকির মুখে পড়ে।
তাঁরা আরও বলেন, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ নাগরিকের আইনি সুরক্ষা, জীবন ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা দেয়। কোনো নির্বাহী কর্তৃপক্ষের সিদ্ধান্তে এসব অধিকার খর্ব করা যায় না। অপরাধের অভিযোগ থাকলেও আইন নির্ধারিত বিচারিক প্রক্রিয়া উপেক্ষা করে কারও জীবন নেওয়ার অধিকার পুলিশের নেই।
আইজিপির বক্তব্যের ব্যাখ্যা নিয়ে পুলিশ সদর দপ্তরের দেওয়া বিবৃতিরও সমালোচনা করেন ছাত্রশিবির নেতারা। তাঁদের দাবি, ওই বিবৃতিতে আইজিপির বক্তব্যকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাঁরা এ ধরনের মনোভাবকে ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।
ছাত্রশিবিরের ভাষ্য, কে অপরাধী এবং কী শাস্তি হবে, তা নির্ধারণের এখতিয়ার আদালতের। পুলিশের দায়িত্ব অপরাধ তদন্ত করা এবং অভিযুক্তকে বিচারের মুখোমুখি করা। প্রচলিত আইনে কোনো অপরাধের শাস্তি হিসেবে ক্রসফায়ারের বিধান নেই বলেও দাবি করেন তাঁরা।
বিবৃতিতে অতীতের গুম, ক্রসফায়ার ও বিনা বিচারে হত্যার প্রসঙ্গ তুলে বলা হয়, আইজিপির সাম্প্রতিক বক্তব্য অতীতের সেই পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করেছে। এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বেআইনি বলপ্রয়োগ ও ক্ষমতার অপব্যবহারে উৎসাহিত করতে পারে এবং নাগরিকদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি সরকারের প্রতি যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রশিবির। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দায়িত্ব পালনে বাধ্যবাধকতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

