অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আসর চলছে। আজারবাইজানের বাকুতে চলমান এই টুর্নামেন্টে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড ম্যাচে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের এক আইরিশ ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে ইংলিশ যুবারা ম্যাচের মাঝেই মাঠ ছেড়ে চলে যায়।
গ্রুপ ‘সি’-এর ম্যাচটির শেষ মিনিটে ঘটনাটি ঘটে। তখন আয়ারল্যান্ড ৪-১ গোলে এগিয়ে ছিল। এ ঘটনায় তদন্তের কথা জানিয়েছে ফিফা।
ভিডিও ফুটেজে দেখা যায়, মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সময় ইংল্যান্ডের এক খেলোয়াড় ডাগআউটের দিকে এগিয়ে যান। ওই খেলোয়াড়ের অভিযোগ, প্রতিপক্ষের একজন তাকে ‘বানর’ বলে গালি দিয়েছেন।
বিষয়টি কোচিং স্টাফকে জানানোর পর ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাট থর্প রেফারির সঙ্গে কথা বলতে যান। একপর্যায়ে তিনি নিজের খেলোয়াড়দের মাঠ থেকে উঠে যাওয়ার নির্দেশ দেন। পরে ইংল্যান্ড অ-১৫ দলের এক সহকারী কোচ রেফারিকে জানান, বর্ণবাদের অভিযোগ তুলে তাদের দল আর খেলা চালিয়ে যেতে চায় না।
ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ম্যাচে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সংস্থাটি অবগত। ইংল্যান্ড খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানানোর পর রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক প্রতিবেদন সংগ্রহের পর বিষয়টি ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত কমিটিই নেবে।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তারা আরও তথ্যের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। সংস্থাটি ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
চলমান অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে এর আগে কম্বোডিয়া, মন্টেনেগ্রো ও নিকারাগুয়ার বিপক্ষে তিন ম্যাচেই জিতেছে ইংল্যান্ড। প্রথমবার আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৮৯টি দেশ ও অঞ্চল। ছোট মাঠে আটজন করে খেলোয়াড় নিয়ে ম্যাচগুলো হচ্ছে এবং প্রতিটি অর্ধ ২০ মিনিটের। ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে।

