অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে আগুনের কুণ্ডলী দেখা গেছে। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকার কারণে এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই স্থানে আগুন জ্বলছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন এবং তখনও আগুন জ্বলছিল। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আগুন জ্বলতে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের কাছের একটি ৫ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন জানান, আগুনের স্থানের পাশের ঘরেই কয়েকজন হোটেলকর্মী থাকেন। হঠাৎ আগুন দেখে তারা ভয় পেয়েছেন।
এদিকে আগুন বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

