Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মৃত্যুর পর কম্পোস্ট হয়ে গাছের মাধ্যমে বেঁচে থাকতে চান কিম নোভাক

মৃত্যুর পর কম্পোস্ট হয়ে গাছের মাধ্যমে বেঁচে থাকতে চান কিম নোভাক

অনলাইন ডেস্ক: রূপালি পর্দার আলো থেকে দূরে প্রকৃতির কোলে শান্ত জীবন কাটাচ্ছেন হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী কিম নোভাক। ৯৩ বছর বয়সে তিনি জানিয়েছেন, মৃত্যুর পর নিজের দেহ কম্পোস্টে (জৈব সার) পরিণত করার ব্যবস্থা করে রেখেছেন। সেই কম্পোস্টের ওপর গাছ লাগানো হবে—এটাই তার ইচ্ছা।

এক সাক্ষাৎকারে কিম নোভাক বলেন, কয়েক বছর আগেই তিনি নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করে রেখেছেন। মৃত্যুর পর গাছের মাধ্যমে বেঁচে থাকতে চান বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টিকে অভিনেত্রী একটি রোমাঞ্চকর অভিযানের মতো মনে করেন বলেও জানান।

কিম নোভাকের ভাষ্য, ধৈর্যের অভাব তাকে সবসময় তাড়িয়ে বেড়াত। তাই গাছের মতো ধীরস্থিরভাবে পরজীবন অনুভব করার ভাবনাটি তার কাছে আকর্ষণীয়। গাছের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করা এবং জীবনের বিভিন্ন রূপের সাক্ষী হয়ে থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

নিজের পরিকল্পনা কারও কাছে অদ্ভুত মনে হতে পারে—এ কথা জানেন কিম। তবে তার কাছে এটি হাস্যকর নয়। দেহকে ছাই বা মাটিতে পরিণত করার চেয়ে মাটির সঙ্গে একীভূত হয়ে কম্পোস্ট হওয়ার ধারণাকেই তিনি বেশি সুন্দর মনে করেন। তার মতে, এতে গাছপালা আরও ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং প্রক্রিয়াটি প্রাকৃতিক ও অকৃত্রিম।

এই পরিকল্পনা বাস্তবায়নে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ‘আর্থ ফিউনারেল’ প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবস্থা করেছেন অভিনেত্রী। তিনি জানান, মৃত্যুর পর কম্পোস্ট করার আগে সেখানে দেহ ফ্রিজিং করে রাখা হয়। বিষয়টি ইতোমধ্যে স্বজন ও বন্ধুদেরও জানিয়ে রেখেছেন তিনি।

কিম নোভাক তাদের প্রত্যেককে একটি গাছ বা ঝোপজাতীয় উদ্ভিদ লাগাতে বলেছেন। তবে গাছ লাগানোই তার বেশি পছন্দ, কারণ তিনি বেড়ে চলার ধারণাটিকে গুরুত্বপূর্ণ মনে করেন। মৃত্যুর পরও জীবন এগিয়ে যাওয়ার একটি সুন্দর প্রকাশ হিসেবে তিনি এই পরিকল্পনাকে দেখছেন।

১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত বক্স অফিসের জনপ্রিয় তারকাদের একজন ছিলেন কিম নোভাক। ১৯৬৬ সালে হলিউডের রুপালি পর্দা ছেড়ে ব্যক্তিগত জীবনে মনোযোগী হন তিনি। এরপর ছবি আঁকাকে ভাবনা প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নেন। নিজের পরিচয় শুধু চলচ্চিত্রে সীমাবদ্ধ না রেখে মৃত্যুর পরও কম্পোস্টের মাধ্যমে নিজেকে প্রকাশ করে যেতে চান এই অভিনেত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram