অনলাইন ডেস্ক: ভারতের মুম্বাইয়ের ‘বলিউড মিউজিক প্রজেক্ট’-এর মঞ্চে অনাকাঙ্ক্ষিত পরিস্থতির মুখে পড়েছেন সংগীতশিল্পী শিল্পা রাও। গত শনিবার মঞ্চে পারফর্মের সময় দর্শকদের উদ্দেশে কথা বলছিলেন। তখনই বন্ধ করে দেওয়া হয় তার মাইক, শুরু হয় অন্য এক শিল্পীর সংগীত পরিবেশনা। ঘটনাটি বেশ আলোচনা তৈরি করেছে সেখানকার শোবিজ অঙ্গনে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পরিবেশনার একপর্যায়ে শ্রোতাদের সঙ্গে কথা বলছিলেন শিল্পা রাও। এ সময় হঠাৎ তার হাতে থাকা মাইক বন্ধ হয়ে যায়। একই সঙ্গে পাশের মঞ্চে আরেকটি দলের সংগীত পরিবেশনা শুরু হয়। পরিস্থিতিতে হতবাক হয়ে পড়েন শিল্পা।
পরে আয়োজকদের কাছে কিছুক্ষণ সময় চান তিনি। কয়েকটি কথা বলার পর আবারও তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপর কর্তৃপক্ষ এসে তাকে মঞ্চ থেকে সরিয়ে নেয়।
আয়োজকদের ব্যাখ্যা
মাইক বন্ধ করার বিষয়ে আয়োজকদের দাবি, একাধিক শিল্পীর অংশগ্রহণে বড় সংগীত উৎসবের সময়সূচি ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। আগের শিল্পীদের পরিবেশনা নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ হলে পরবর্তী পরিবেশনাগুলোতেও দেরি হয়। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা ও ভেন্যুর কারফিউয়ের নিয়ম থাকায় সময়ের ঘাটতি পূরণের সুযোগও সীমিত ছিল বলে জানিয়েছে তারা।
আয়োজকদের ভাষ্য, এসব কারণে শিল্পা রাওয়ের পরিবেশনা নির্ধারিত সময়ের আগেই শেষ করতে বাধ্য হন তারা। একই সঙ্গে দর্শকদের সামনে তার পুরো পারফরম্যান্স তুলে ধরতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন আয়োজকেরা।
ঘটনার পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানান শিল্পা রাও। তিনি বলেন, মুম্বাইয়ে সেদিন রাতে তার হৃদয়ের একটি অংশ ভেঙে গেছে এবং সুন্দর একটি মুহূর্ত এভাবে কেড়ে নেওয়া তাকে ভীষণ কষ্ট দিয়েছে। তবে গান থেমে গেলেও দর্শকদের ভালোবাসা থামেনি বলেও জানান তিনি।
প্রতিবাদ সংগঠনের
শিল্পা রাওয়ের সঙ্গে ঘটনার প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকার সঙ্গে মঞ্চে যা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয়। শিল্পীদের সঙ্গে এ ধরনের আচরণ বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। প্রয়োজনে শিল্পাকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে সংগঠনটি।

