Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ মাসে ৬৯ মৃত্যু, পুলিশের তৎপরতা মামলাতেই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ মাসে ৬৯ মৃত্যু, পুলিশের তৎপরতা মামলাতেই

অনলাইন ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে চলতি বছরের প্রথম ১০ মাসে ৮৭টি দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও ৯৫ জন আহত হয়েছেন। এসব ঘটনায় মামলা হয়েছে ৬২টি। তবে অতিরিক্ত গতি শনাক্তের স্পিড গান ও চালকদের মাদকাসক্তি পরীক্ষার ডোপ টেস্টের সরঞ্জাম থাকলেও বর্তমানে সেগুলো ব্যবহার করা হচ্ছে না। নিহতদের স্বজনদের অভিযোগ, কার্যকর নজরদারির বদলে পুলিশের কার্যক্রম অনেক ক্ষেত্রে মামলা করার মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে ফেনী অংশে দুর্ঘটনায় ৬৬ জন নিহত ও ৫১ জন আহত হন। ওই সময়ে মামলা হয়েছিল ৪৮টি। ২০২৪ সালের একই সময়ে নিহত হন ৪৬ জন এবং আহত হন ৪৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, দুই বছরের ব্যবধানে প্রাণহানি বেড়েছে।

আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলে অনেক ক্ষেত্রে মামলা করা ও গাড়ি জব্দ করার মধ্যেই পুলিশের কার্যক্রম সীমিত থাকে। এতে দায়ী চালকদের শনাক্ত করা কঠিন হয় এবং মামলায় আসামির পরিচয় অজ্ঞাত থেকে যায়।

হাইওয়ে পুলিশের দাবি, দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সিসিটিভি ক্যামেরা ও পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নজরদারি ও প্রশিক্ষণের দাবি

নিরাপদ সড়ক চাই (নিসচা) ফেনী জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারা বলেন, চালকদের শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতার ঘাটতি, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত পণ্য পরিবহন এবং মোটরসাইকেলের বেপরোয়া গতি দুর্ঘটনা বাড়াচ্ছে। তাঁর মতে, হাইওয়ে পুলিশের যথাযথ নজরদারি থাকলে দুর্ঘটনা কমানো সম্ভব।

বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আল ফয়সাল চালকদের প্রশিক্ষণ জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হবে। গত ১২ জুলাই সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জনের পরিবারকে ১ কোটি ৫ লাখ টাকা এবং আহত দুই ব্যক্তির পরিবারকে ৪ লাখ টাকার অনুদানের চেক দেওয়ার কথাও জানান তিনি।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, তাঁদের এলাকায় ৩৬টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ২৪টি মামলা হয়েছে; ১১টিতে অভিযোগপত্র এবং ৯টিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। চারটি মামলার তদন্ত চলছে।

মহিপাল হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. নুরুল আফছার জানান, তাঁদের এলাকায় ৫১টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন এবং মামলা হয়েছে ৩৮টি। তিনি বলেন, স্পিড গান ও ডোপ টেস্ট কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। এআই ক্যামেরা স্থাপনের কারণে স্পিড গান ব্যবহার করা হচ্ছে না।

নিহত ও আহত ব্যক্তিদের কয়েকজন স্বজনের দাবি, এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো চালক গ্রেপ্তার হননি। পুলিশ বলছে, চালকেরা পালিয়ে যাওয়ায় অনেক সময় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করতে হয়। ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দীন খাঁন বলেন, এসব মামলায় রাষ্ট্রপক্ষ সহযোগিতা করলেও অধিকাংশ আসামিই অজ্ঞাত থাকেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram